পদ্মা সেতু নিয়ে দুদকের চিঠির জবাব দেয়নি বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে অনিয়ম নিয়ে বিশ্বব্যাংক এখনো দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র ও মহাপরিচালক ফররুখ আহমেদ। তিনি বলেন, বিশ্বব্যাংকের জবাব পাওয়ার পর এবং এ বিষয়ে অনিয়মের সুস্পষ্ট তথ্য পাওয়া গেলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মুখপাত্র এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক মাস আগে পদ্মা সেতু নিয়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা জানতে চেয়ে বিশ্বব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখনো এ ব্যাপারে কোনো জবাব পাওয়া যায়নি।গত ২২ সেপ্টেম্বর দুদক বিশ্বব্যাংকের কাছে এ চিঠি পাঠায়। যদিও বাংলাদেশে বিশ্বব্যাংক কার্যালয় এ ধরনের কোনো চিঠি আদান-প্রদান সম্পর্কে জানে না বলে দাবি করে। দেশের সবচেয়ে বড় এই নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক সম্প্রতি অর্থায়ন স্থগিত করে। ২৯০ কোটি ডলারের এ সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।এ নিয়ে গত ২০ অক্টোবর এক প্রেস নোটও জারি করে সরকার। এ বিষয়ে তদন্তের জন্য সরকার আনুষ্ঠানিকভাবে দুদককে দায়িত্ব দেয়।সম্মেলনে ফররুখ আহমেদ জানান, গত অক্টোবর মাসে কমিশনে ৬৮৩টি অভিযোগ আসে। তথ্য-উপাত্ত বিবেচনা করে ৯১টি অভিযোগ অনুসন্ধানের জন্য রাখা হয়। আর ছয়টি অভিযোগ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া গত সেপ্টেম্বর মাসে পাওয়া ১৫৯টি অভিযোগের বিষয়েও অনুসন্ধান চলছে বলে জানান তিনি।কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) কামরুল হোসেন মোল্লা জানান, বর্তমানে দুদকের দুই হাজার ৮৮৭টি মামলা দেশের বিভিন্ন বিশেষ জজ আদালতে বিচারাধীন। এর মধ্যে সাবেক দুর্নীতি দমন ব্যুরোর সময়ের মামলা রয়েছে এক হাজার ৩২৬টি। বিচারাধীন মামলাগুলোর মধ্যে ঢাকার ৮২৭টি ও ঢাকার বাইরের দুই হাজার ৬০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হাইকোর্টের নির্দেশে ৭০৭টির বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।