পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে খুব শিগগির সমঝোতা স্মারক (এমওইউ) সই হচ্ছে না। মালয়েশিয়ার দেওয়া শর্ত বিচার-বিশ্লেষণের মাধ্যমে ধীরে আগানোর কৌশল নিয়েছে সরকার। আবার বিশ্বব্যাংকসহ দাতাদের সঙ্গে সমঝোতায় আসতেও অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।সেতু বিভাগ সূত্র জানায়, মালয়েশিয়ার পাঠানো সমঝোতা স্মারকের খসড়া কিছুটা কাটছাঁট করে একজন আইনজীবীর কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছে। এরপর তা যাবে আইন মন্ত্রণালয়ে। সেখান থেকে ফিরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে। মালয়েশিয়া সরকার অনুমোদন করলে তবেই বাংলাদেশ অনুমোদন দেবে।সেতু বিভাগ সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকেও মালয়েশিয়ার প্রস্তাব নিয়ে ধীর চলো নীতি গ্রহণের জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে মালয়েশিয়া ২১ ফেব্রুয়ারি এমওইউ সইয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল।জানতে চাইলে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরে কিছুটা সময় লাগবে। আইনি মতামত এখনো পাওয়া যায়নি। পেলে খসড়া এমওইউ মালয়েশিয়ায় পাঠানো হবে। বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল বা সমঝোতার বিষয়ে তিনি বলেন, এটা ইআরডির ব্যাপার।সেতু বিভাগ সূত্র জানায়, মালয়েশিয়া খসড়া প্রস্তাবে পদ্মা সেতুর জন্য ২১৬ কোটি টাকা খরচ করে যে নকশা প্রণয়ন করা হয়েছে, তা কিছুটা পরিবর্তনের প্রস্তাব রেখেছিল। কিন্তু সেতু বিভাগ আগের নকশা রাখার পক্ষে। এ ছাড়া আয় কমে যেতে পারে, সে বিবেচনায় পদ্মার বিকল্প সেতু নির্মাণ না করার বিষয়ে সেতু বিভাগ মনে করে, এটা রাখা হলে পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করা যাবে না। আবার মালয়েশিয়া এমওইউর পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ৩০ মাসের সময়সীমা চেয়েছিল মালয়েশিয়া। সেতু বিভাগ ১২ মাস করার প্রস্তাব দিয়েছে।এ ছাড়া সেতু বিভাগ খসড়া এমওইউতে অন্তর্ভুক্ত করেছে যে, মালয়েশিয়া পদ্মা সেতুর অর্থ সংগ্রহ ও নির্মাণে নিয়োগ দেওয়া সে দেশের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে সরকারকে দায় নিতে হবে।মালয়েশিয়া খসড়া এমওইউর বাইরে একটি আর্থিক ও কারিগরি প্রস্তাব দিয়েছিল। সেখানে পদ্মা সেতুতে ৫০ বছরের মালিকানা, নির্দিষ্ট পরিমাণে যান চলাচলের নিশ্চয়তা, যান না চললে ভর্তুকি দেওয়া, কর মওকুফ ও শুল্ক সুবিধা দেওয়ার শর্ত দেওয়া হয়। এ নিয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভাগুলোতে এসব শর্তেরও বিরোধিতা করেছেন একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।অর্থ মন্ত্রণালয় ও ইআরডি সূত্র জানায়, বিশ্বব্যাংকসহ দাতাদের সঙ্গে ঋণ চুক্তি বাতিলের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটিও এখন কিছুটা থেমে গেছে। সেতু বিভাগ থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে এ জন্য সারসংক্ষেপও পাঠানো হয়েছিল।জানা গেছে, অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার ইআরডি ও সেতু বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। ইআরডি বিশ্বব্যাংকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এদেশীয় পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন ইআরডির সচিব ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বব্যাংক ও ইআরডি এই বৈঠককে ‘রুটিন বৈঠক’ হিসেবে আখ্যা দিলেও পদ্মা সেতুর অর্থায়ন নিয়েও আলোচনা হয়। বিশ্বব্যাংক সূত্র জানিয়েছে, অনানুষ্ঠানিক আলোচনায় সরকার বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল না করে আলোচনা শুরুর মনোভাব দেখিয়েছে।গত ১০ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক মুকেশ এন প্রসাদের পক্ষ থেকে এক চিঠিতে বিশ্বব্যাংক কেন ঋণ কার্যক্রম স্থগিত রেখেছে, সে বিষয়টি ব্যাখ্যা করা হয়। সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ এসে আলোচনা করতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।এদিকে, চীন ও দক্ষিণ কোরিয়ার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণে আগ্রহ দেখিয়েছে। সেতু বিভাগ ওই দুই কোম্পানিকে সে দেশের সরকারের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসার পরামর্শ দেয়। চীন ও কোরিয়ার কোম্পানির প্রতিনিধিরাও সরকারের মাধ্যমে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সেতু বিভাগকে জানিয়েছে।