পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বিরোধ নেই
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে কে কী বলল তা নিয়ে হতাশার কিছু নেই। এ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কোনো বিরোধ নেই। প্রতিষ্ঠানটির সঙ্গে এখনো ৩৪টি প্রকল্প রয়েছে। তাদের সঙ্গে ঝগড়ার কোনো কারণ নেই। আজ শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে এক সুধী সমাবেশে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু সেতুর ফাটল ও মেরামত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু একটি উন্নয়ন প্রকল্প। এ নিয়ে আর রাজনীতি করবেন না। তিনি বলেন, বিশ্ব ব্যাংক না হলে বিকল্প পথে যেতে হবে। সড়ক বিভাগের ভবন বিষয়ে তিনি বলেন, ‘আমি হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা জানাই। হাইকোর্ট যে রায় দিয়েছেন তা আমাকে মানতে হবে। কিন্তু আমি হাইকোর্টের কাছে এই নির্দেশ পুনর্বিবেচনার অনুরোধ করছি।’ এর কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এই ভবন সরানো কঠিন হবে। আদালত পুনর্বিবেচনা না করলে রাস্তায় যেতে হবে।’ মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মজিবর রহমান, বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান প্রমুখ।