পদ্মা সেতু নিয়ে শিগগিরই ঘন কুয়াশা কাটবে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে ধূম্রজাল ও ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই এ ঘন কুয়াশা কেটে যাবে। তিনি দাবি করেন, বাস্তবে পদ্মা সেতুর কাজ চলছে। এখন বাকি আছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা, সেটাও খুব শিগগিরই দেওয়া হবে।আজ শনিবার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী হওয়ার পর আজই তিনি প্রথমবারের মতো পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।যোগাযোগমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ আমাদের নির্বাচনী ওয়াদা। তাই এই সরকারের সময়েই পদ্মা সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। স্বচ্ছতা রেখেই সেতুর কাজ করা হবে।’ আগামী এক বছরের মধ্যেই এই সেতুর আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।মন্ত্রী দাবি করেন, পদ্মা সেতুর নকশা, জমি অধিগ্রহণ, নির্মাণকাজের প্রস্তুতি—সবকিছুই সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের কাজও চলছে। টেলিভিশনের টক শোতে বসে অনেকে পদ্মা সেতু নির্মাণ বিষয়ে সমালোচনা করেন উল্লেখ করে তিনি বলেন, ‘যাঁরা এর সমালোচনা করছেন, তাঁরা এখানে এসে দেখে যান। পদ্মা সেতুর কাজ থেমে নেই, এর কতটা অগ্রগতি হয়েছে।’পদ্মা সেতুর অর্থ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের সমস্যা বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের এ নিয়ে একটা জটিলতা আছে ঠিক। কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্কের বৈরিতা নেই।’ তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও দেশের বেসরকারি অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।ওবায়দুল কাদের আজ বেলা পৌনে ১১টার দিকে মাওয়ায় পদ্মা সেতু রেস্ট হাউসে পৌঁছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প স্থল এবং লৌহজংয়ের কুমারভোগের পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। দুপুর পৌনে একটার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।