পদ্মা সেতু প্রকল্পে আমার নাম ওতপ্রোতভাবে জড়িত থাকবে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ায় পদ্মা সেতু প্রকল্পে আমার নাম ওতপ্রোতভাবে জড়িত থাকবে।’আজ শনিবার বিশ্বব্যাংকের কান্ট্রি অ্যাসিসটেন্স স্ট্র্যাটেজি পেপারের মধ্যমেয়াদি মূল্যায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘রাজনীতিবিদ ও আমলাদের চারিত্রিক সততা বাংলাদেশের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে এটা রাতারাতি হবে না। এতে সময় লাগবে।’একই অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ বলেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা থাকতেই হবে। দাতাদের সমালোচনা করে তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একটি প্রকল্পে পরামর্শক নিয়োগ থেকে কার্যাদেশ দেওয়া পর্যন্ত ১৪১ দিন সময় লেগেছে। আরেক প্রকল্পে অর্ধেক কার্যাদেশ দিতে ২০০ দিন সময় লেগেছে। সরকারের নিজস্ব অর্থায়নের শতভাগ খরচ হলেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় দাতাদের অর্থ খরচ হয় না কেন?’

অনুষ্ঠানে কান্ট্রি অ্যাসিসটেন্স স্ট্র্যাটেজি পেপারের ওপর মূল্যায়ন করে অবস্থানপত্র উপস্থাপন করেন ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার লিসান্দ্রো মার্টিন ও বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।