পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত ‘সঠিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত ‘সঠিক’ বলে মন্তব্য করেছেন সংস্থার নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিন গত সোমবার তিনি এই মন্তব্য করেন। খবর এএফপির।জিম ইয়ং কিমের পূর্বসূরি রবার্ট জোয়েলিক তাঁর দায়িত্ব পালনের শেষ দিনে গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের ঘোষণা করেন। এতে বলা হয়, এই প্রকল্পে ‘উচ্চপর্যায়ের’ দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে না। সোমবার দায়িত্ব নিয়েই জোয়েলিকের অবস্থানকে সমর্থন করলেন কিম।দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে প্রথম বৈঠকে কিম বলেন, ‘আমি মনে করি, ঋণচুক্তি বাতিল সঠিক কাজ হয়েছে।’ ঋণচুক্তি বাতিলের পর কেউ কেউ বলছেন, গুটিকয়েক ব্যক্তির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে শাস্তি দিচ্ছে। এ প্রসঙ্গে কিম বলেন, ‘বাংলাদেশের দরিদ্র জনগণের বিষয়টি আমরা খুব ভালোভাবেই জানি। কিন্তু বিশ্বব্যাংক কোনো ধরনের দুর্নীতি সহ্য করবে না—ব্যাংকের এই অবস্থানকে আমরা অবশ্যই গুরুত্ব দেব।’যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক, দুঃখজনক ও রহস্যজনক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তের অর্থ এটা নয়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়টি একেবারে নিশ্চিত হওয়া গেছে। তবে বিশ্বব্যাংক বলছে, এই প্রকল্পে দুর্নীতির প্রমাণ গত বছরের সেপ্টেম্বরে ও গত এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধানের কাছে পাঠানো হয়। এতে বিষয়টি পুরোপুরি তদন্ত করে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়। কিন্তু বাংলাদেশ সরকার এ ব্যাপারে সন্তোষজনক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্বব্যাংক জানায়, সংস্থাটি সেই সব প্রকল্পেই অর্থায়ন করে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করা যায়।