পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সুযোগ নেই: সচিব
কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে পদ্মা সেতু প্রকল্পে নিয়োগ দেওয়া হবে না। আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা বলেন। সচিব বলেন, পদ্মা সেতু প্রকল্প পাঁচটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। এখন পর্যন্ত কোনো প্যাকেজেই ঠিকাদার নিয়োগ হয়নি। তাই এ ক্ষেত্রে দুর্নীতির কোনো সুযোগ নেই।পদ্মা সেতুর সুপারভিশন কনসালট্যান্ট নিয়োগ-সংক্রান্ত দরপত্রে দুর্নীতির অভিযোগে এসএনসি-লাভালিন নামে একটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে কানাডার পুলিশ। গতকাল রোববার বাংলাদেশের পত্রিকাগুলোতে এ খবর প্রকাশিত হয়। বিষয়টির ব্যাখ্যা দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সুপারভিশন কনসালট্যান্ট নিয়োগ প্রক্রিয়ার দরপত্র মূল্যায়ন কমিটি করা হয়েছে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী নেতৃত্বে। এখানে যোগাযোগমন্ত্রী বা তাঁর ওপরের কারও হস্তক্ষেপের সুযোগ নেই।সুপারভিশন কনসালট্যান্ট নিয়োগে দরপত্র প্রক্রিয়ায় গত আগস্টে পাঁচটি কোম্পানির একটি সংক্ষিপ্ত তালিকা অনুমোদনের জন্য বিশ্বব্যাংকে পাঠায় সেতু বিভাগ। এর মধ্যে কানাডার কোম্পানি এসএনসি-লাভালিন অন্যতম। দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কানাডা পুলিশ তদন্ত শুরু করেছে।