পদ্মা সেতু প্রকল্পে নদীতীর রক্ষায় ঠিকাদার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের অধীনে নদীতীর রক্ষায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ভারতিয়া ও বাংলাদেশের মহিউদ্দিন বিল্ডার্সের সঙ্গে সরকারের চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর বনানীতে সেতু ভবনে সরকারের পক্ষে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলাম এবং ঠিকাদারি দুই প্রতিষ্ঠানের পক্ষে মহিউদ্দিন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রায় ৯৭ কোটি টাকায় প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। প্রকল্পের আওতায় ঠিকাদারেরা শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় দুই কিলোমিটার নদীভাঙন রোধে কাজ করবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি পদ্মা সেতুরই একটি অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এক মাসের মধ্যে এ প্রকল্পের উদ্বোধন করবেন। পদ্মার মূল সেতু নির্মাণ এ সরকারের আমলেই শুরু হবে। শেষ না হলেও কাজ এগিয়ে রাখবে বর্তমান সরকার। ফেব্রুয়ারির মধ্যে নিশ্চিত হবে, কারা অর্থায়ন করবে।মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকসহ দাতাদের অর্থে পদ্মা সেতু হলে ভালো হতো। তবে সামনে নির্বাচন। অনিশ্চয়তা রেখে নির্বাচনের ঝুঁকি নেওয়া যায় না। তিনি জানান, ইতিমধ্যে পদ্মা সেতুর নির্মাণ-পরিকল্পনা হয়ে গেছে। অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফেব্রুয়ারিতেই।