বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য ১২০ কোটি ডলারের ঋণসহায়তা স্থগিত করেছে। সেতু নির্মাণে দরপত্রে অংশ নেওয়া একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋণসহায়তা স্থগিত করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার এ কথা জানান। রয়টার্স।অর্থমন্ত্রী বলেন, ‘সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ওয়াশিংটনে গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা সেতু প্রকল্পে ঋণসহায়তা দেওয়ার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে বিশ্বব্যাংক। সেখানে দুর্নীতির বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ঋণসহায়তা স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়।’সম্প্রতি পদ্মা সেতু প্রকল্প তদারকে প্রাক্-নির্বাচনী তালিকায় থাকা কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বরের শুরুতেই ওয়াশিংটনে বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানান, কানাডা কর্তৃপক্ষ ওই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে।পদ্মা সেতু প্রকল্পে ২৯০ কোটি ডলার ব্যয় হবে। বাংলাদেশের উন্নয়ন সহায়তাকারী প্রধান প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এই প্রথমবারের মতো কোনো প্রকল্পে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তা স্থগিত করল।২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর দুর্নীতির শীর্ষে ছিল বাংলাদেশ। গত কয়েক বছরে এই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।অর্থমন্ত্রীর বক্তব্য: এদিকে গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, নিউইয়র্কে দেওয়া সাক্ষাৎকারে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে তাঁর বক্তব্য কোথাও সঠিকভাবে আসেনি। এ ক্ষেত্রে তিনি প্রথম আলো, যুগান্তর ও সমকাল পত্রিকার নাম উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, ‘পত্রপত্রিকায় যা ছাপা হয়েছে, তা কিছু সত্য, কিছু অতিরঞ্জিত।’