পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জন্য ১২০ কোটি মার্কিন ডলার রেয়াতি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে ব্যাংকের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।২৯০ কোটি মার্কিন ডলার প্রাক্কলিত ব্যয়সংবলিত এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো-কোটি মানুষের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেবো বলেন, ‘এই সেতু নির্মাণ করা হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের পদ্মা নদী পারাপারে একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।’বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন বলেন, এই সেতু নির্মাণের ফলে প্রবৃদ্ধি ত্বরান্বিত, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সুদূরপ্রসারি প্রভাব ফেলবে। এ ছাড়া এর ফলে জনগণ নদীভাঙন ও বন্যা থেকে সুরক্ষা পাবে বলেও মন্তব্য করেন তিনি।বিশ্বব্যাংকের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামিক উন্নয়ন ব্যাংক ও জাইকাও ওই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। বাসস।