পদ্মা সেতু প্রকল্পে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।গোলাম রহমান বলেন, ‘আমরা পদ্মা সেতু প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ শুরু করেছি, যাতে বিষয়টি আইনানুগ হয়। এ ক্ষেত্রে আমরা কিছু ক্লু পেয়েছি। বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা কিছু তথ্য-উপাত্ত পেয়েছি। আগামী ৩ ডিসেম্বরে জিজ্ঞাসাবাদ শেষ হবে। এর পরই একটি প্রতিবেদন পাব। এর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’দুদক চেয়ারম্যান বলেন, ‘বিশ্বব্যাংক ও আমাদের অনুসন্ধানে যে তথ্য-উপাত্ত পেয়েছি, তাতে ষড়যন্ত্রের একটা গন্ধ পেয়েছি। কিছু লোক একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে।’ এই কিছু লোকের মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও সাবেক সেতু সচিব আছেন কি না—এর উত্তরে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘এখনই বলা যাবে না। অনুসন্ধান শেষ হলে আমরা আপনাদের অবশ্যই জানাব।’ দুদুক কোনো চাপে নেই বলেও মন্তব্য করেন তিনি।অন্য এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘এসব ষড়যন্ত্র অল্প কজন মিলেই করে থাকে। আমাদের কাছে মনে হয়, ডাল মে কুচ কালা হ্যায়।’ এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে কোনো মামলা করা হবে কি না—এর উত্তরে দুর্নীতিবিরোধী এই সংস্থার চেয়ারম্যান বলেন, ‘হওয়ার আগে কোনো কিছু না বলাই ভালো।’ গোলাম রহমান জানান, বিশ্বব্যাংকের যে বিশেষজ্ঞ প্যানেলটি গত অক্টোবরে বাংলাদেশে এসেছিল, তারা আবারও ২ অথবা ৩ ডিসেম্বর ঢাকায় আসবে। তারা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়টি তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে টিমথি টং ও রিচার্ড ওন্ডারম্যান রয়েছেন। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে প্রধান অর্থায়নকারী হিসেবে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এ জন্য গত বছরের ২৮ এপ্রিল সরকারের সঙ্গে ঋণচুক্তি সই করে বিশ্বব্যাংক। কিন্তু দুর্নীতির অভিযোগ এনে এই প্রকল্পে অর্থায়নে সরকারের সঙ্গে এক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৯ জুন বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করেছিল। এরপর সরকারের তত্পরতায় শর্ত সাপেক্ষে প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় বিশ্বব্যাংক।