পদ্মা সেতু প্রকল্পের বর্তমান অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পটি পাঁচটি প্যাকেজে (কাজের অংশ) বিভক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: মূল সেতু, নদী শাসন, দুই প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ এবং পুনর্বাসন ও সার্ভিস এলাকা নির্মাণ। এর বাইরে রয়েছে নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগ।পাঁচটি প্যাকেজের সব কটিরই প্রাকেযাগ্যতা যাচাই ও ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। দাতারা রাজি থাকলে সংক্ষিপ্ত তালিকায় থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হবে। তবে এ পর্যন্ত শুধু মূল সেতুর সংক্ষিপ্ত তালিকা বিশ্বব্যাংক অনুমোদন করেছে। ঠিকাদারদের মধ্যে যে দরপত্র দলিল বিক্রি করার কথা, সেটি বিশ্বব্যাংক ছাড় করেনি। বাকি চারটি প্যাকেজের সংক্ষিপ্ত তালিকা অনুমোদন বাকি আছে।তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রেও প্রাকেযাগ্য প্রতিষ্ঠানের তালিকা করে কানাডাভিত্তিক এসএনসি-লাভালিন কোম্পানিকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনায় নিয়েছিল। কিন্তু অনুমোদনের জন্য পাঠালে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে এনে তা আটকে দেয়।অভিযোগ ও ব্যবস্থা: বিশ্বব্যাংক গত বছরের সেপ্টেম্বর মাসে মূল সেতুর ঠিকাদার নিয়োগ এবং তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতি হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দেয়। ওই মাসেই সংস্থাটি অর্থায়ন স্থগিত করার ঘোষণা দেয়।এরপর গত এপ্রিলে দুর্নীতির তথ্য-সংবলিত আরেকটি প্রতিবেদন সরকারকে দেয় বিশ্বব্যাংক। দুটি প্রতিবেদনেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ দেওয়ার কথা জানায়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত অর্থায়ন করা হবে না বলেও জানিয়ে দেয় সংস্থাটি।অবশ্য সরকার শুরু থেকেই দুর্নীতির বিষয়টি অস্বীকার করে এলেও একপর্যায়ে আবুল হোসেন, মসিউর রহমানসহ সরকারি কর্মকর্তাদের সরিয়ে দেয় এবং দুর্নীতির তদন্ত শুরু করে। পাশাপাশি বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকও সই করে। দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে তহবিল গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়।প্রকল্প ব্যয় ও বর্ণনা: পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৯৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে সরকারের সঙ্গে বিশ্বব্যাংক ১২০ কোটি, এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবি ১৪ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি করেছিল। বাকি অর্থ সরকারের রাজস্ব খাত থেকে বহন করার কথা। চারটি উন্নয়ন সহযোগীর সঙ্গে ঋণচুক্তি হয় গত বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে।পুনর্বাসন, বেতন-ভাতা, জ্বালানি খাতসহ এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশ সরকার।মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এই সেতুটি হওয়ার কথা রয়েছে। প্রায় ২৫০ কোটি টাকায় সেতুটির জন্য নকশা প্রণয়ন করা হয়েছে। নকশা অনুযায়ী, দ্বিতল এই সেতু নির্মিত হলে ওপর দিয়ে গাড়ি এবং নিচ দিয়ে চলবে ট্রেন।