পদ্মা সেতু বিষয়ে বুধবার বক্তব্য দেবেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে আগামী বুধবার বক্তব্য দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে আজ সোমবার বেলা আড়াইটার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘টেনশনের কোনো কারণ নাই। আমি আগামী পরশু পদ্মা সেতু নিয়ে বক্তব্য দেব।’ এর আগে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে কার্যালয়ে ফেরার পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে তিনি শিগগিরই একটি লিখিত বিবৃতি দেবেন।অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নিয়ে একাধিকবার যোগাযোগ হয়েছে। দীর্ঘ ছুটিতে ওয়াশিংটনে থাকার পর চলতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান (কান্ট্রি ডিরেক্টর) অ্যালেন গোল্ডস্টেইন। এর পরই ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকের সঙ্গে কথাবার্তা কিছুটা এগিয়েছে। এ সময় বিশ্বব্যাংকের অর্থ পেতে সরকারকে কী কী করতে হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানা গেছে। বিশ্বব্যাংক অর্থায়ন চুক্তি বাতিল করলেও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপানি উন্নয়ন সংস্থা জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ এক মাস বাড়িয়ে দিয়েছে। ৩১ আগস্ট এই মেয়াদ শেষ হবে। এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। কেননা, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও প্রতিশ্রুত অর্থ এখনো বাংলাদেশের নামেই রয়েছে। তবে এডিবির নিয়ম ভিন্ন। ঋণ বাতিল করা হলে অর্থ ফেরত নিয়ে নেওয়া হয়। ফলে একবার বাতিল হলে সেই অর্থ আবার পাওয়া সহজ হয় না। এডিবি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে মোড় নিলে তারাও ঋণচুক্তির মেয়াদ বাড়াবে। আর এ ক্ষেত্রেও সবগুলো শর্ত অবশ্যই পূরণ করতে হবে।