পদ্মা সেতু-সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে দুদক
পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগের দরপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সেতু ভবন থেকে নথিপত্র, সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদাউসের ব্যবহূত কম্পিউটারের হার্ডডিস্ক এবং ফেরদাউসের ব্যবহূত ল্যাপটপ জব্দ করা হয়।দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানকালে দলটি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও চিঠি খুঁজে পায়নি। সেগুলোর জন্য আবার অভিযান চালানো হতে পারে।সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, দুর্নীতি প্রমাণ করতে হলে উপযুক্ত দালিলিক প্রমাণ প্রয়োজন। তাই সব নথিপত্র ও অন্য প্রমাণাদি সেতু বিভাগ থেকে জব্দ করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া মির্জা জাহিদুল আলম প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশের পরই দুদকের পক্ষ থেকে নথিপত্র জব্দ করতে অভিযান চালানো হয়। গত ২০ ডিসেম্বর এসব নথিপত্র চেয়ে সেতু কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল দুদক। এতে সাত কর্মদিবসের মধ্যে নথিপত্র দিতে বলা হলেও সেতু কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। পরে দুদক আবার আদালতে আবেদন করে এবং নথিপত্র জব্দে অভিযান চালায়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, জব্দ তালিকার মধ্যে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত পদ্মা প্রকল্পের পরামর্শক নিয়োগ-সংক্রান্ত যাবতীয় দরপত্রের মূল দলিল, ২০০৯ সালের ৮ ডিসেম্বর পদ্মা সেতুর নকশা প্রণয়ন পরামর্শক নিয়োগের দরপত্রে অংশ নেওয়া ১৩টি প্রতিষ্ঠানের মূল কাগজ, প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও আর্থিক প্রস্তাব, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন এবং সেই অনুযায়ী করা সংক্ষিপ্ত তালিকার পাঁচটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দলিল রয়েছে।২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত যেসব দর্শনার্থী সেতু ভবনে গেছেন, সেই তালিকাও আনা হয়েছে। এ ছাড়া সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব, পদ্মা সেতুর জন্য করা নকশা, দরপত্র মূল্যায়ন কমিটি বারবার বাতিল ও গঠন-সংক্রান্ত সাবেক সেতু সচিবের সই করা নথিপত্রও জব্দ করা হয়েছে।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাতজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে দুদক। ২৭ ডিসেম্বর এই মামলার অন্যতম আসামি সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সেতু কর্তৃপক্ষের নদী শাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদাউসকে গ্রেপ্তার করে দুদক।