পদ্মা সেতু-সম্পর্কিত বিশেষজ্ঞ প্যানেল আসছে ডিসেম্বরে
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল আগামী ডিসেম্বরে আবারও বাংলাদেশে আসছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান আজ বুধবার সন্ধ্যায় কার্যালয় ত্যাগের আগে সাংবাদিকদের এ তথ্য জানান।দুদকের চেয়ারম্যান বলেন, ‘ডিসেম্বরে বিশেষজ্ঞ প্যানেল আবার আসবে। ইতিমধ্যে আমরা আমাদের মতো করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।’ তবে এখনো কানাডার পুলিশের কাছ থেকে রমেশ-ইসমাইলের তথ্য তিনি পাননি বলে জানান। পদ্মা সেতু প্রকল্পে ইতিমধ্যে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘কাল (বৃহস্পতিবার) পদ্মা সেতু প্রকল্পের অনুসন্ধান কমিটির সঙ্গে বসব। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনসহ মোট ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ গত ১৪ অক্টোবর বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান লুইস মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল তিন দিনের জন্য বাংলাদেশে এসেছিল।দুদক সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞদের সফরের ফলাফল নিয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্যানেল সদস্যরাও ঢাকা ছাড়ার আগে কোনো বক্তব্য দেননি।এ ছাড়া হঠাত্ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুদকের মহাপরিচালক খোন্দকার আমিনুর রহমানের বদলি করার বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান বলেন, ‘একটি আদেশ এসেছে। এটি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করছি।’ উল্লেখ্য, এ সময় দুদকের চেয়ারম্যান ব্রাজিল সফরে ছিলেন। এর আগে গত ২৩ এপ্রিল সংস্থার চেয়ারম্যানের বিদেশ সফরের সময়ে ওই মহাপরিচালককে বদলির আরেকটি আদেশ হয়েছিল। এর পেছনে সরকারের কোনো ভূমিকা আছে কি না—প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘দুদক যা কাজ করছে, সেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই করা হচ্ছে। কোনো ব্যক্তি এককভাবে এ কাজ করছেন না। আর ডিজির বদলিতে সরকারি প্রভাব রয়েছে বলে মনে হয় না।’হল-মার্কের তানভীর-জেসমিন-তুষার আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকে আইনের আওতায় অবশ্যই আনা হবে বলে জানান দুদকের চেয়ারম্যান গোলাম রহমান।