পদ্মা নদীর সেতুতেও নাটকীয় ঘটনা কম ছিল না। ঘটনার ঘনঘটা তো ছিলই, আরও ছিল একের পর এক রহস্য। চিঠি, পাল্টাচিঠি, বিবৃতি, পাল্টাবিবৃতি। এমনকি এখানে একজন হোসেনও আছেন, আর শেষ সময়ে যুক্ত হয়েছেন একজন হাসান। পদ্মা নদীর সেতুর দুর্নীতির ষড়যন্ত্র ছিল ২০১২ সালের সবচেয়ে আলোচিত ঘটনার একটি।২০১১ সালের ১১ জানুয়ারি সরকার পদ্মা সেতুর অনুমোদন দিয়েছিল। আর পরের মাসে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। আর সেপ্টেম্বরে এসে সেই ঋণচুক্তি স্থগিত করে সংস্থাটি। এই মাসেই দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে। ৫ ডিসেম্বর সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে পদ্মা সেতুর সব নাটকীয়তা অপেক্ষা করে ছিল ২০১২ সালের জন্য। বছরজুড়ে বারবার প্রশ্ন উঠেছে, পদ্মা সেতু হবে, নাকি হবে না। জানুয়ারিতে বিশ্বব্যাংক ঋণের মেয়াদ ছয় মাস বাড়িয়ে দেয়। তখন মনে হয়েছিল পদ্মা সেতু হবে। কিন্তু সরকারের একাধিক মন্ত্রী বলতে থাকেন, সরকার ছয় মাস চায়নি, বিশ্বব্যাংক কেন বাড়াল। ওই মাসেই মালয়েশিয়া পদ্মা সেতু তৈরির আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। ২ ফেব্রুয়ারি দুদক বিশ্বব্যাংককে জানিয়ে দেয়, দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি। প্রধানমন্ত্রীও বললেন, দুর্নীতির প্রমাণ বিশ্বব্যাংককেই দিতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিশ্বব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের কিছু প্রমাণসহ একটি চিঠি দেয়। সেই চিঠিতে কাজ পেতে কাকে কত ঘুষ দেওয়া হবে সেই নামগুলো ছিল। নামগুলো পাওয়া যায় কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তা রমেশ শাহর ডায়েরি থেকে। জুনের প্রথম সপ্তাহে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অর্থায়ন চালু রাখতে চার দফা শর্ত দেয়। শর্ত না মানায় ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে দেয়। এসব ঘটনায় মনে হচ্ছিল পদ্মা সেতু দাতাদের অর্থে আর হচ্ছে না। এরপর শুরু হয় পদ্মা সেতুর দ্বিতীয় দফার ঘটনাবলি। দেশীয় অর্থে সেতু তৈরির পরিকল্পনাও হয়। কিন্তু ঠিকই শর্ত মেনে নেয় সরকার, মন্ত্রিত্ব হারান সৈয়দ আবুল হোসেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের ছুটিতে যাওয়া নিয়ে চলে নানা টালবাহানা। গঠন করা হয় দুদকের তদন্ত পর্যবেক্ষণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। দুর্নীতির আরও প্রমাণ দেয় বিশ্বব্যাংক। তদন্ত শেষে মামলাও হয়।তার পরও বলা যাচ্ছে না পদ্মা সেতুর ভবিষ্যৎ। কারণ মামলায় কারা থাকলেন আর কারা থাকলেন না, সেটি জানা গেল। কিন্তু এখনো জানা গেল না বিশ্বব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত। হাসান-হোসেন (সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী) ছাড়া পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র কতখানি বিশ্বাসযোগ্য হবে, সেই প্রশ্ন এখন নতুন বছরে। ফলে প্রশ্নটি করাই যায়, পদ্মা সেতু হবে, নাকি হবে না? শওকত হোসেন