পদ্মা সেতু হবেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণে চাঁদাবাজি করার দরকার নেই। আপনারা একটু বেশি করে রেমিট্যান্স পাঠান, তাহলেই পদ্মা সেতু হয়ে যাবে। যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি আর একটি সেতু করতে পারব না? পদ্মা সেতু হবেই হবে।’গতকাল শনিবার সন্ধ্যায় ওয়েস্ট মিনিস্টারের পার্ক প্লাজা হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। লন্ডন অলিম্পিক উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন। শেখ হাসিনা বলেন, ‘সরকার এর মধ্যেই দেড় হাজার কোটি টাকা নিজস্ব অর্থায়ন থেকে খরচ করেছে। সেটা অব্যাহত থাকবে। তবে কোনো সংস্থা যদি এগিয়ে আসে আমাদের সহায়তার জন্য, আমরা সেটা নেব। আমরা কারও কাছে হাত পাতব না। আমরা স্বনির্ভরভাবেই পদ্মা সেতু করব।’প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে আপনাদের প্রয়োজন অনেক বেশি। খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো খাতেও প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আপনারা এগিয়ে আসুন। তা ছাড়া প্রবাসীরা যেহেতু রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত, সেহেতু দেশে মসলা উত্পাদনের জন্য কলকারখানা নির্মাণ করতে পারেন। বাংলাদেশ ব্যাংক মাত্র সাড়ে ৪ শতাংশ সুদে মসলা উত্পাদনের জন্য ঋণ দিচ্ছে।’যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে এ সভায় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে লন্ডন-সিলেট ফ্লাইট পুনরায় চালু করার কথা জানান। আর স্বাধীনতার ৫০ বছরের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।