পদ্মা সেতু হলে মধ্য এশিয়ায় প্রবৃদ্ধি বাড়বে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে পদ্মা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, মিয়ানমার, চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে এ দেশের সহজ যোগাযোগে সহায়তা করবে পদ্মা সেতু। এতে বাংলাদেশসহ মধ্য এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আপনগাঁয়ে ‘আসক্তি পুনর্বাসন নিবাস (আপন)’-এর মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।মার্কিন রাষ্ট্রদূত এইচআইভি এইডসের বিস্তার রোধে বাংলাদেশের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এইডস প্রতিরোধে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন আপনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রোনাল্ড ড্রাহোজাল, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সারওয়াত আবেদ, ইউএসএআইডির প্রতিনিধি সুকুমার, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নিজাম উদ্দিন প্রমুখ। ২০০৭ সাল থেকে ‘আপন’ মাদকাসক্তদের চিকিত্সা দিতে এবং তাদের কর্মক্ষম করে তুলতে মানিকগঞ্জে কাজ করে যাচ্ছে। বর্তমানে এখানে ১৯৩ জন মাদকাসক্তকে সেবা দেওয়া হচ্ছে।