পদ্মা সেতু: জাইকার ঋণচুক্তি পিছিয়ে গেছে
পদ্মা সেতু নির্মাণে জাপানি সংস্থা জাইকার ঋণ দেওয়া বিষয়ে চূড়ান্ত চুক্তি পিছিয়েছে। ঋণচুক্তির জন্য জাপানের একটি দলের গতকাল সোমবার ঢাকায় আসার কথা ছিল। এ ব্যাপারে চূড়ান্ত স্বাক্ষরের কর্মসূচি ছিল আজ মঙ্গলবার । জাপানের সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামির কারণে পারমাণবিক বিদ্যুেকন্দ্রের চুল্লিতে বিস্ফোরণ ঘটে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়ের কারণে জাইকার দলটি তাদের ঢাকা আসা পিছিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া আজ প্রথম আলোকে বলেন, জাইকার ঋণচুক্তি পিছিয়ে গেছে। তবে এতে পদ্মা সেতুর নির্মাণকাজে সমস্যা হবে না। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থ পাওয়া যাবে। সেটা দিয়েই কাজ শুরু হবে। প্রসঙ্গত, মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত প্রস্তাবিত পদ্মা সেতুটি চার লেন-বিশিষ্ট হবে। যার দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। দ্বিতল এ সেতুর নিচের তলায় রেল চলাচলের ব্যবস্থা থাকবে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা জোগান দেওয়া হবে বৈদেশিক ঋণ থেকে। বাকি টাকা সরকারের।এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পদ্মা সেতু নির্মাণে প্রায় চার হাজার ৩৬৬ কোটি টাকার ঋণ নিশ্চিত করেছে। ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) দেবে প্রায় এক হাজার কোটি টাকা। তাদের অর্থ দিয়ে সেতুর সংযোগ সড়ক তৈরি হবে। জাপানি সংস্থা জাইকা পদ্মা সেতু নির্মাণে প্রায় তিন হাজার ২০০ কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এডিবি, জাইকা ও আইডিবি তাদের বোর্ডে এই ঋণ সহায়তা অনুমোদন করেছে। সরকার ২০১৩ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করতে চায়।