পদ্মা সেতু: মালয়েশিয়ার প্রাথমিক প্রস্তাব জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর বিষয়ে মালয়েশিয়া লিখিত প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে। আজ সোমবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে এ প্রস্তাব হস্তান্তর করেন। অন্যদিকে এখনো বিশ্বব্যাংক চাইলে সরকার তাদের সঙ্গে কাজ করতে রাজি বলে জানান মন্ত্রী।প্রাথমিক প্রস্তাব জমা দেওয়ার পর সামি ভেলুর নেতৃত্বে ২৩ সদস্যর একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ওবায়দুল কাদের সংবাদ ব্রিফিংয়ে বলেন, মালয়েশিয়ার দেওয়া প্রাথমিক প্রস্তাবটি এক মাস পর্যালোচনা করা হবে। তারপর দুই পক্ষের মধ্যে আবার আলোচনা হবে। এরপর কয়েক মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে।মন্ত্রী সেতুর নির্মাণকাজ আগামী নয় মাসের মধ্যে শুরু হবে বলে আবারও আশা প্রকাশ করেন।তাহলে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে কি না— জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি গত জানুয়ারি মাসেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি ভঙ্গ করিনি। তারাই দু-একজনের বিরুদ্ধে অভিযোগ এনে অর্থ প্রদান বন্ধ করেছে।’ দু-একজনের অভিযোগের ভিত্তিতে তারা ১৬ কোটি মানুষকে শাস্তি দিতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।চুক্তি বাতিল হয়ে গেছে বললেও মন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘এখনো বিশ্বব্যাংক যদি এ সরকারের আমলে অর্থ ছাড় করবে বা কাজ শুরু করবে বলে আশ্বাস দেয়, তাহলে আমরা রাজি আছি। মালয়েশিয়ার সঙ্গে মাত্র সমঝোতা স্মারক সই হয়েছে; চূড়ান্ত হয়নি।’