পদ্মা সেতুতে অর্থ দেওয়ার ঘোষণায় জগন্নাথে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এই সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আবাসন সমস্যার পাশাপাশি পরিবহন-সংকট লেগেই আছে। অথচ এসব সমস্যার সমাধান না করে পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের নামে বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের এই টাকা। তাই শিক্ষার্থীদের স্বার্থেই এক কোটি টাকা দেওয়ার ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে।সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, শিক্ষার্থী প্রণোত দাশ গুঞ্জন প্রমুখ।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫০তম সিন্ডিকেট সভায় পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।