পদ্মা সেতুতে অর্থায়ন করবে বিমা সমিতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। দেশের বিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডের অলস ১১ হাজার কোটি টাকা এই সেতু নির্মাণে বিনিয়োগ করা সম্ভব বলে জানিয়েছে বিআইএ।গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিআইএর নির্বাহী কমিটির সদস্য পি কে রায়, নাসির উদ্দিন আহমেদ, মেঘনা লাইফের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ, বিআইএর মহাসচিব মোল্লা নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।শেখ কবির বলেন, ‘সরকার চাইলে বন্ড আকারে অথবা অন্য যেকোনোভাবে আমরা এ প্রকল্পে বিনিয়োগ করতে পারি।’ ইতিমধ্যে বিআইএ থেকে অর্থমন্ত্রীর কাছে পদ্মা সেতু নির্মাণে জীবন বিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডের টাকা বিনিয়োগের একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।শেখ কবির বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রায় ২৫ হাজার কোটি টাকা লাগবে। এর মধ্যে লাইফ ফান্ডের ১১ হাজার কোটি টাকা বাদে বাকি ১৪ হাজার কোটি টাকা সরকারকে অন্য খাত থেকে সংগ্রহ করতে হবে। এতে করে দাতা সংস্থাগুলোর ওপর আর নির্ভর করতে হবে না।বিআইএর চেয়ারম্যান আরও বলেন, ‘পদ্মা সেতু দেশের একটি জরুরি প্রকল্প। তাই এ প্রকল্প বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।’ তবে পদ্মা সেতু প্রকল্পে আমদানির অংশ বেশি এবং বিদেশি মুদ্রা সরকার কই পাবে, এ প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। শেখ কবির অবশ্য প্রবাসীদের পদ্মা সেতু নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ নিয়ে সবাইকে গঠনমূলক আলোচনার পরামর্শ দেন।