পদ্মা সেতুতে অর্থায়নে রাজি বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে অর্থায়নে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করায় নতুন করে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না বিশ্বব্যাংক। বাংলাদেশের জনগণ সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও উন্নত মানের সেতু দেখতে চায় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিটিতে। এতে বলা হয়, পদ্মা সেতু নির্মিত হলে বাংলাদেশের জনগণের উল্লেখযোগ্য পরিবর্তন হবে।দুর্নীতির অভিযোগ এনে গত ২৯ জুন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। বিষয়টির উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের পর বাংলাদেশ সরকারকে চারটি শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। এসব শর্তের মধ্যে ছিল— দুর্নীতির তদন্ত শেষ হওয়ার আগে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের ছুটিতে রাখা, তদন্তের নেতৃত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ প্যানেলকে তদন্তের যাবতীয় বিষয়ে জানানোর ব্যাপারে সম্মত হওয়া এবং বিশ্বব্যাংক ও সহযোগী বিনিয়োগকারীদের প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণের সুযোগ দেওয়া। দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি স্থগিত করে। এ প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার ঋণ কার্যকরের মেয়াদ আজ শুক্রবার এবং এডিবির ৩০ সেপ্টেম্বর শেষ হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে ফেরায় জাইকার ঋণচুক্তির মেয়াদ আরও কিছুদিন বাড়ানোর আবেদন করা হবে।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি, জাইকা ৪১ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ১৪ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা।