পদ্মা সেতু প্রকল্পে ২৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছে চীনের পলি টেকনোলজি করপোরেশন। এতে মূল অর্থায়ন করবে চীনের এক্সিম ব্যাংক।গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে চীনের এক্সিম ব্যাংক ও পলি টেকনোলজি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে চীনা প্রস্তাবটি আগেই এসেছে। আজ (গতকাল) এ বিষয়ে কথা হয়েছে।’ তিনি আরও বলেন, বিদেশিদের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। তাই চীনের এই প্রস্তাব ইআরডিতে পাঠানো হয়েছে। ইআরডি যদি এটি গ্রহণযোগ্য মনে করে, তাহলে তারা তা সেতু বিভাগকে জানাবে। তখন সেতু বিভাগ করণীয় ঠিক করবে।সরকার ইতিমধ্যে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে দরপত্র দিয়েছে। এই প্রেক্ষাপটে এখন আর বিদেশি বিনিয়োগ দরকার আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা লাগবে। চীনের প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানো যাবে। সে ক্ষেত্রে আমাদের রিজার্ভে চাপ পড়বে না। সবকিছু বিবেচনা করা হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।’পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯০ কোটি মার্কিন ডলার। ইতিমধ্যে সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের লক্ষ্যে মূল সেতুরও দরপত্র আহ্বান করা হয়েছে। এ অবস্থায় চীনের এই প্রস্তাব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের কাছ থেকে অর্থ নেওয়া হলে তারাই সেতু নির্মাণ করবে। কিন্তু সরকার দরপত্র আহ্বান করে ফেলার কারণে সেই সুযোগ কমে এসেছে।