পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের সম্ভাবনা ক্ষীণ
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আজ বুধবার ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচি শুরুর আগে মওদুদ বলেন, ‘বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এসেছে আমাদের দেশের দুর্নীতি পর্যবেক্ষণ করার জন্য। এটি দেশের জন্য লজ্জাজনক। তারা আবারও ডিসেম্বর নাগাদ হয়তো আসবে। এর মধ্যে তারা বুঝতে পারবে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ নয়। সরকারের আদেশেই এই কমিশন কাজ করছে। তখন তারা (বিশ্বব্যাংক) হয়তো আবার ফিরে যাবে। এ ক্ষেত্রে অর্থায়নের সম্ভাবনা আমরা ক্ষীণ বলেই মনে করছি।’ তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমের ওপর আবারও আঘাত করা শুরু করেছে। কিন্তু গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ জনগণ বরদাশত করবে না।’ ব্যর্থতার ভারেই এ সরকারের পতন হবে বলে তিনি মন্তব্য করেন।