পদ্মা সেতুতে সহায়তা না করলে ব্যর্থতা বিশ্বব্যাংকের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, বিশ্বব্যাংকের মতো এমন বড় ঋণদাতা প্রতিষ্ঠান যদি পদ্মা সেতু প্রকল্পে সহায়তা না করে, তাহলে সেটা হবে তাদের ব্যর্থতা।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ না হয় কাল পদ্মা সেতু বাস্তবায়িত হবেই বলে তিনি আশা প্রকাশ করেন। আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে ঢাকা মহানগর শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাতেমাজ্জামান সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাংসদ তারানা হালিম, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য দেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘সব বড় কাজের ক্ষেত্রে অন্তরায় থাকে। এ দেশে যত বড় বড় সেতু নির্মাণ হয়েছে, তার সবই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নির্মিত। পদ্মা সেতুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাই নির্মাণ করব।’তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, কোনো নিযুক্ত সরকারকে ক্ষমতায় বসালে সেটা অসাংবিধানিক হবে। এ ধরনের ব্যবস্থা একমাত্র স্বৈরতন্ত্রেই স্থান পায়। সংবিধান সম্পর্কে খালেদা জিয়ার বিন্দুমাত্র জ্ঞান থেকে থাকলে তিনি আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি করবেন না।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ নেই। অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। অযথা আন্দোলন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বিরোধী দলকে আহ্বান জানান তিনি। বাসস।