পদ্মা সেতুর অধিকাংশ টেন্ডার সম্পন্ন: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতুর অধিকাংশ টেন্ডার সম্পন্ন হয়েছে। যেগুলোর হয়নি, তা চলতি মাসের মধ্যেই সম্পন্ন করা হবে । আজ শনিবার সকালে মাদারীপুর শহরের কুলপদী এলাকায় মাদারীপুর-কালকিনি-ভুরঘাটা সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টেন্ডার-প্রক্রিয়ার কাজ চীনে চলছে। আগামী দুয়েক মাসের মধ্যেই মাদারীপুর-চাঁদপুর-চট্টগ্রাম মহাসড়কের কাজীরটেক ফেরিঘাটে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।মাদারীপুর সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রেজ্জাক বলেন, মাদারীপুর-কালকিনি-ভুরঘাটা সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি টাকা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে দেওয়া হবে।যোগাযোগমন্ত্রী দুপুরে কালকিনি খাসেরহাট বন্দরে আড়িয়াল খাঁ নদের খাসেরহাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে খাসেরহাট বন্দরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এখানে ৮০ কোটি টাকা ব্যয়ে ৬৮২ মিটার দীর্ঘ খাসেরহাট সেতুটি নির্মাণ করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপার নজরুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।