পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে কোনো সন্দেহ-সংশয় নেই: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে কোনো সন্দেহ, সংশয় নেই। যথাসময়ে অর্থ পাওয়া যাবে। এ সরকারের আমলেই কাজ শুরু ও শেষ হবে। পদ্মা সেতু নির্মিত হলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বিষয়ে আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। সেমিনারের পর বাইরে এসে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি আগামী বছরের জানুয়ারি মাসে হতে পারে। তবে এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি এ বছরই হবে। মন্ত্রী দাবি করেন, পদ্মা সেতু হলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পুনর্বাসনের কাজ তিন বছর আগেই শুরু হয়েছে। ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান বলেন, বিগত সরকারগুলো পদ্মা সেতুর অর্থায়নের জন্য কার্যকর উদ্যোগ নেয়নি। এ জন্য সেতু নির্মাণে দেরি হয়েছে। বর্তমান সরকার অর্থায়নের বিষয়টি নিশ্চিত করেছে। তাই সেতু নির্মাণে কোনো সমস্যা নেই। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়েছে বলে সম্প্রতি অর্থমন্ত্রী জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সেতুর দৈর্ঘ্য বেড়েছে। সংযোগ সড়কের ব্যয়ও বেড়েছে। পাইলিংয়ের নকশায় পরিবর্তন এসেছে। এসব কারণে ব্যয় বাড়ছে।সেমিনারে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, সাংসদ সাগুফতা ইয়াসমিন এবং বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।