পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিশ্বব্যাংকে তদবির করার অভিযোগ অস্বীকার করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘সম্প্রতি কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিভিন্ন মহল অভিযোগ করেছে, পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নের বিরুদ্ধে আমি বিশ্বব্যাংকে তদবির করেছি। অর্থমন্ত্রী নিজে সংবাদমাধ্যমে এ ধরনের অভিযোগ নাকচ করেছেন।’ গতকাল কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় একই ধরনের অভিযোগ করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। বাংলাদেশের মানুষ বহু বছর ধরে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন লালন করছে।’বিবৃতিতে নোবেলজয়ী বলেন, ‘বাংলাদেশের মানুষের সহায়তায় কর্মসূচি তৈরিতে কেউ একজন জীবন উৎসর্গ করেছেন। আমি নিজেও এই সেতু নির্মাণের একজন বলিষ্ঠ সমর্থক। এই সেতু বাংলাদেশের লাখ লাখ মানুষের জন্য বিপুল সুবিধা বয়ে আনবে। এ উন্নয়নমূলক পরিকল্পনার সামান্যতম ক্ষতি করার মতো চিন্তাও আমার জীবনের কর্মকাণ্ড ও বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আমি যা কিছু করি, তার সবকিছুতেই সবচেয়ে ওপরে থাকে বাংলাদেশের স্বার্থ। এটি পদ্মা সেতুর বেলাতেও সত্য।’ বিশিষ্ট এই অর্থনীতিবিদ বিবৃতিতে আরও বলেন, ‘নিঃসন্দেহে পদ্মা সেতু প্রকল্প একটি ঐতিহাসিক উন্নয়নমূলক পদক্ষেপ। আর কোনো ব্যক্তির অনুরোধে বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান এমন কঠোর পদক্ষেপ নিতে পারে, এটি কোনোভাবেই যৌক্তিক নয়। আমি আশা করি, পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থা যথাসম্ভব দ্রুত সমাধান করা যাবে।’