পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা কমানোর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে মূল দাতা সংস্থা বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট সাম্প্রতিক জটিলতা নিরসনের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ উন্নয়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে। কিন্তু এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি নেই। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত রেখেছে।পদ্মা সেতুর কোনো গতি না হওয়া সেতু বিভাগে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রথম প্রান্তিকে অগ্রগতি হয়েছে মাত্র ১ শতাংশ। চলতি বছরের এডিপিতে সেতু বিভাগের প্রকল্প হচ্ছে দুটি। সেতু বিভাগের জন্য চলতি বছরের এডিপিতে বরাদ্দ রয়েছে দুই হাজার ২৩৫ কোটি টাকা।আজ রোববার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থনীতির বিশ্লেষণ তুলে ধরেন। এতে ১০টি বৃহত্ মন্ত্রণালয়ের এডিপির বাস্তবায়নের পরিস্থিতির তথ্য-উপাত্ত রয়েছে। ১০টি মন্ত্রণালয়ের সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতি দাঁড়িয়েছে ১৩ শতাংশ।অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সেতু বিভাগের পর সবচেয়ে খারাপ অগ্রগতির তথ্য মিলছে পানিসম্পদ মন্ত্রণালয়ের। চলতি বছরের এডিপিতে এই মন্ত্রণালয়ের প্রকল্প সংখ্যা ৬১টি। বরাদ্দ হচ্ছে এক হাজার ৪৮৭ কোটি ৪৮ লাখ টাকা। আর প্রথম প্রান্তিকে বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৬৫টি প্রকল্পের বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে ৬ শতাংশ। বরাদ্দের পরিমাণ ছিল দুই হাজার ১২৪ কোটি ৭৭ লাখ টাকা।তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১ প্রকল্পে বরাদ্দ দুই হাজার ৪১৮ কোটি ৪৯ লাখ টাকার মধ্যে প্রথম প্রান্তিকে বাস্তবায়নে অগ্রগতি হয়েছে ১২ শতাংশ।সড়ক বিভাগের জন্য চলতি বছরের এডিপিতে বরাদ্দ ছিল দুই হাজার ২৭৩ কোটি ১১ লাখ টাকা। প্রকল্পসংখ্যা ছিল ১৫৫টি। কিন্তু প্রথম প্রান্তিক শেষে অগ্রগতি হয়েছে মাত্র ৭ শতাংশ।দেশে জ্বালানি খাত নিয়ে অনেক দিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। সরকারও এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। চলতি বছরের এডিপিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩৭টি প্রকল্পে বরাদ্দ ছিল এক হাজার ৬২ কোটি ৫৫ লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে বাস্তবায়নে অগ্রগতি হয়েছে মাত্র ৯ শতাংশ। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে সংসদকে জানিয়েছেন, বিকল্প জ্বালানির উত্স হিসেবে কয়লা অনুসন্ধান, উত্তোলন এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় কয়লানীতি প্রণয়ন এবং জাতীয় জ্বালানিনীতি, ১৯৯৬ হালনাগাদ করার কাজ প্রায় চূড়ান্ত হয়েছে। গ্যাসের সংকট নিরসনকল্পে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। তিনি আশা করেন, গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে এসব পদক্ষেপ বিদ্যুত্ ও জ্বালানি সমস্যার স্থায়ী, টেকসই ও গ্রহণযোগ্য সমাধান হবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ২০টি প্রকল্পে চলতি বছরের এডিপিতে বরাদ্দ ছিল এক হাজার তিন কোটি আট লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে বাস্তবায়নে অগ্রগতি হয়েছে ১০ শতাংশ। রেলওয়ে বিভাগের ৪২টি প্রকল্পে এডিপিতে বরাদ্দ ছিল দুই হাজার ২৮৯ কোটি ৪০ লাখ টাকা। প্রথম প্রান্তিকে বাস্তবায়নে অগ্রগতি দাঁড়িয়েছে ১৩ শতাংশ।স্থানীয় সরকার বিভাগের ১৩৭টি প্রকল্প রয়েছে চলতি অর্থবছরের এডিপিতে। বরাদ্দের পরিমাণ হচ্ছে নয় হাজার ২৪৫ কোটি ৬৩ লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে বাস্তবায়নে হয়েছে ১৬ শতাংশ।আর সবচেয়ে বেশি বাস্তবায়নের অগ্রগতির তথ্য মিলেছে বিদ্যুত্ বিভাগের এডিপির প্রকল্পে। এ বিভাগের ৪৬টি প্রকল্পে বরাদ্দ রয়েছে সাত হাজার ১৪৫ কোটি ২৮ লাখ টাকা। বাস্তবায়নে অগ্রগতির হার ২২ শতাংশ।অর্থমন্ত্রী সংসদকে বলেছেন, বিদ্যুত্ খাত নিয়ে সরকার মহাপরিকল্পনা নিয়েছে। ২০১৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৩৫০ মেগাওয়াট বিদ্যুত্ সংযোজনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর বিপরীতে ২০১২ সালের মধ্যে অতিরিক্ত ২১৫৭ মেগাওয়াট বিদ্যুত্ সংযোজনের আশা ব্যক্ত করেছিলেন অর্থমন্ত্রী। এরই মধ্যে ২০২২ মেগাওয়াট যুক্ত হয়েছে।