পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ সরকার সহযোগিতা না করায় ঋণচুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। গতকাল শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য প্রকাশিত হয়েছে।পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল। বিশ্বব্যাংক বলছে, সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কর্মকর্তা, কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যক্তিদের যোগসাজশে বিভিন্ন সূত্র থেকে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ তাদের হাতে এসেছে।এসব তথ্য-প্রমাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দেওয়া হয়েছে বলে বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে।২০১১ সালের সেপ্টেম্বর মাসে ও ২০১২ সালের এপ্রিল মাসে এসব তথ্য-প্রমাণ দেওয়া হয়।বিশ্বব্যাংক বলছে, দুর্নীতির এই অভিযোগ পূর্ণাঙ্গভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে তারা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছিল। বিশ্বব্যাংক ভেবেছিল, বাংলাদেশ সরকার বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেবে। কিন্তু বিশ্বব্যাংক বলছে, বাস্তবে তা হয়নি।বিবৃতিতে বলা হয়, দুর্নীতির যে তথ্য-প্রমাণ বিশ্বব্যাংক পেয়েছে, সে ক্ষেত্রে তারা কিছু পদক্ষেপ নেওয়ার দাবি করেছিল।বিশ্বব্যাংকের প্রথম দাবি ছিল, যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সরিয়ে দেওয়া।দ্বিতীয়ত, এই অভিযোগ তদন্তের জন্য দুদকে একটি বিশেষ তদন্ত দল নিয়োগ করা।বিশ্বব্যাংক বলছে, এমন প্রেক্ষাপটে সংস্থাটির অবস্থান ব্যাখ্যা করা ও বাংলাদেশ সরকারের কাছ থেকে উত্তর জানার জন্য একটি উচ্চপর্যায়ের দল ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু সরকারের প্রতিক্রিয়া বা উত্তর সন্তোষজনক ছিল না বলে বিশ্বব্যাংক বলছে।এমন পরিস্থিতিতে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্বব্যাংক বিষয়টি নিয়ে চোখ বুঁজে থাকতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।বিশ্বব্যাংক বলেছে, তারা একটি প্রকল্পে তখনই অর্থায়ন করতে পারে, যখন তারা সেই প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যক্রমের পরিচ্ছন্নতা সম্পর্কে নিশ্চিত হয়। কারণ বিশ্বব্যাংকের দাতা দেশগুলোর কাছে তাদের একটি নৈতিক দায়িত্ব আছে।পদ্মা সেতু নির্মাণপ্রক্রিয়ার শুরুতেই বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত রাখে। তবে বাংলাদেশ সরকার বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। এ ছাড়া বিকল্প অর্থায়নের পথও খুঁজছিল বাংলাদেশ।এমন প্রেক্ষাপটে কয়েক দিন আগে মালয়েশিয়ার পক্ষ থেকে অর্থায়ন প্রশ্নে চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কয়েক দিন আগে বলেছেন, অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংকের সঙ্গে সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। বিশ্বব্যাংকের সঙ্গে এখনো সমঝোতার পথ বন্ধ হয়নি বলে তখন তিনি উল্লেখ করেন।এ বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিটি এখানে দেওয়া হল:দেখতে এখানে ক্লিক করুন