বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর সময় ও ব্যয় দুই-ই বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ২০১১ সালের মার্চে সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং এ জন্য ব্যয় হবে ২৯০ কোটি ডলার বা ২০ হাজার ৩০০ কোটি টাকা। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩৪ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। উল্লেখ্য, এর আগে পদ্মা সেতুর জন্য সর্বশেষ অনুমিত ব্যয় ধরা হয়েছিল ২৪০ কোটি ডলার। অর্থাৎ এই দফায় ব্যয় বাড়ল আরও ৫০ কোটি ডলার। পদ্মা সেতু নির্মাণের কথা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সম্ভাব্য ব্যয় বাড়ানো হলো দ্বিগুণেরও বেশি। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বিস্তারিত সমীক্ষা এবং পরীক্ষা-নিরীক্ষার পর ২০০৪ সালের জুলাই মাসে এই সেতু নির্মাণে আট হাজার ৫৮৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পাঁচবার এ সেতুর নির্মাণব্যয় পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সেতু উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, পদ্মা সেতুর কাজ শুরু হবে ২০১০ সালে, শেষ হবে ২০১৩ সালে। ব্যয় বাড়ার পাশাপাশি কাজ শুরুর সময়ও পিছিয়ে এখন আগামী মার্চ করা হলো। গতকালের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ সফরকালে অর্থমন্ত্রী প্রথমেই যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) সম্মেলনে যোগ দেন। পরে যুক্তরাজ্যে এসে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ব্যাংক-ফান্ড সভা, এলডিসি সম্মেলন, প্রযুক্তি সম্মেলন, সার্ক ফিন্যান্স, কমনওয়েলথ ভোজসভা ইত্যাদিতে অংশ নেন অর্থমন্ত্রী। ভারতের অর্থমন্ত্রী ও চীনের ভাইস মিনিস্টারের সঙ্গেও একান্ত বৈঠক করেন তিনি। অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানকালে বাঙালিদের বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের জন্য চীনের পক্ষ থেকে একটি সুখবরের কথা সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ১২ কোটি ডলারের সমপরিমাণ ঋণকে অনুদান হিসেবে ঘোষণা করেছে চীন। এ টাকা আর ফেরত দিতে হবে না।অর্থমন্ত্রী বলেন, এমডিজি অর্জনের পথে রয়েছে বাংলাদেশ। এমডিজিতে বাংলাদেশের পুরস্কারপ্রাপ্তিতে অনেকেই খুশি। বাংলাদেশ এর আগে এত বড় আন্তর্জাতিক ফোরামে এত বেশি গুরুত্ব পায়নি। তবে এমডিজির এইটুকুন অর্জন বগলদাবা করার কোনো সুযোগ নেই। খাতভিত্তিক ১৮টি লক্ষ্যমাত্রার মধ্যে মাত্র নয়টির অবস্থা ভালো। পাঁচটিতে মোটামুটি এগিয়ে থাকলেও বাকি চারটি পূরণে সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো বৈষম্য।অর্থমন্ত্রী জানান, লন্ডনে হিযবুত তাহ্রীর নামের সংগঠনটি তাঁর আগমনে তিনটি প্রতিবাদ সভা করেছে। ৩০ থেকে ৫০ জনের মতো তরুণ প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিল। সবারই গায়ে ছিল লম্বা কাপড়। বিষয়টি বিস্ময়কর ঠেকেছে তাঁর কাছে।আর ওয়াল স্ট্রিটে চাকরি করেন এমন ৩৫ থেকে ৪৫ বছর বয়সী অনেক বাঙালির সঙ্গে কথা হয়েছে অর্থমন্ত্রীর। বাংলাদেশে কী এবং কীভাবে বিনিয়োগ করবেন—এটাই ছিল তাঁদের মূল আগ্রহের বিষয়। বিনিয়োগ বোর্ডকে (বিওআই) তাঁরা অকার্যকর প্রতিষ্ঠান বলে মনে করেন। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন প্রকল্পের আওতায় এক বিলিয়ন ডলার ঋণ বাস্তবায়ন, ট্রানজিট, সীমান্ত হাট, শুল্ক ও অশুল্ক বাধা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি প্রকল্পের কাজ দ্রুতগতিতেই হবে বলে জানান তিনি।ভারতের প্রধানমন্ত্রী আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও ধারণা পেয়েছেন অর্থমন্ত্রী। দুই প্রধানমন্ত্রীর সফরের ফলাফলকে কাজে লাগিয়ে আলোচ্য বিষয়গুলোর ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে বলে তিনি মনে করেন। অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক তহবিল সংগ্রহের পরামর্শ দিয়ে বাংলাদেশের সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। তিনি বলেন, ‘বিশ্বব্যাংককে বলেছি, বিরোধী দল সংসদে আসে না। কিন্তু সংসদের সব কমিটিতে অংশ নেন বিরোধী দলের সাংসদেরা।’ তত্ত্বাবধায়ক সরকার আমলে আদায় করা এক হাজার ৩৩২ কোটি টাকার মধ্যে ২৯৬ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রায়ের কপি এখনো পাইনি। রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’দাতা বা উন্নয়ন-সহযোগীদের অর্থায়নে পরিচালিত প্রকল্পে দুর্নীতি বন্ধে তাঁরা এককাট্টা হয়েছে বলে জানান মসিউর রহমান। তিনি বলেন, দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংক এখন অনেক স্পর্শকাতর। বিশ্বব্যাংকের অর্থায়নের কোনো প্রকল্পে কোনো কোম্পানি দুর্নীতি করলে, অন্য কোনো উন্নয়ন-সহযোগীর অর্থায়নের প্রকল্পেও ওই কোম্পানি আর কোনো কাজ পাবে না। বিষয়টি সাফ জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক।মসিউর রহমান জানান, পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশকে অর্থ দেবে না বিশ্বব্যাংক, তবে প্রযুক্তিগত সহায়তা দেবে। অর্থনীতির অনানুষ্ঠানিক কার্যক্রমের (ইনফরমাল ইকোনমি) হিসাব নির্ণয়ের পথও বাতলে দেবে তারা।দেশ এখন বাজিকরদের দখলে—সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের সাম্প্রতিক এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মসিউর রহমান বলেন, ‘দেশপ্রেম এখন সাবেকিদের কাছে। সাবেকিরা বলছেন, এটা করা উচিত, ওটা করা উচিত নয়।’ সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, পদ্মা সেতুর ব্যয় বাড়ার অন্যতম কারণ হলো এর দৈর্ঘ্য ১০ কিলোমিটার করা হয়েছে। এদিকে পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ২০০৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা বা ১৪৭ কোটি ২৭ লাখ ডলারে পদ্মা সেতু প্রকল্পটি প্রথম অনুমোদন দিয়েছিল। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জানুয়ারিতে বলা হয়, পদ্মা সেতুর নির্মাণে ব্যয় হবে ১৮০ কোটি ডলার বা ১২ হাজার ২৪২ কোটি টাকা। এরপর আরও তিন দফা ব্যয়ের হিসাব ঘোষণা করা হয় এবং প্রতিবারই তা বেড়েছে। যেমন, ২০০৯ সালে আগস্টে বলা হলো, সেতু নির্মাণে ২০০ কোটি ডলার ব্যয় হবে। ডিসেম্বরে আরেক দফা বাড়িয়ে বলা হয়, ২৪০ কোটি ডলার। সর্বশেষ প্রধানমন্ত্রী বলেছেন ২৬০ কোটি ডলারের কথা। সেতু নির্মাণে সম্ভাব্য ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে রয়েছে এডিবি, বিশ্বব্যাংক, জাপান ও ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। সেতু নির্মাণে বিশ্বব্যাংক আগে ১২০ কোটি ডলার সহায়তা দেবে বলেছিল। অর্থমন্ত্রী গতকাল জানান, আরও ৩০ কোটি ডলার বাড়িয়ে মোট ১৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।