পদ্মা সেতুর ঘটনা দুর্ভাগ্যজনক: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সৃষ্ট পরিস্থিতি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ ঘটনা। ঢাকায় ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম আনা আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তাঁর মতে, বাংলাদেশের জনগণের জন্য পদ্মা সেতুর প্রয়োজনীয়তা অপরিসীম।আনা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের পর পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন, জানতে চাইলে আনা বলেন, ‘এ ঘটনা খুব দুর্ভাগ্যজনক। কারণ, বাংলাদেশের মানুষের জন্য সেতুটির গুরুত্ব অপরিসীম।’ পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলকেই তিনি দুর্ভাগ্যজনক বলছেন কি না, জানতে চাইলে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি আভাস দিয়েছেন, এ প্রকল্প নিয়ে যা কিছু ঘটেছে, এতে স্বস্তির কিছু নেই।এর আগে ডিকাব সদস্যদের সঙ্গে লিসবন চুক্তির পর বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন উইলিয়াম আনা। এ সময় প্রায় ৩০ মিনিটের উপস্থাপনায় তিনি জানান, অভিন্ন অবস্থান নিয়ে নিজেদের অবস্থান জোরালো করতে ২০০৯ সালের ডিসেম্বরে লিসবন চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ও বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে কাজ করে ইইউ। ডিকাব সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বশীর আহমেদ। উদ্বিগ্ন ইইউ ক্রেতারাবিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। ভবিষ্যতেও এ ধরনের প্রবণতার আভাস থাকায় উইলিয়াম আনা বাংলাদেশের প্রশংসা করেন। এ ছাড়া এ দেশে উত্পাদিত পণ্যের মানের প্রশংসা করেন তিনি। মানবাধিকার পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি সাভারে ঘটে যাওয়া পোশাক শিল্পপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও শ্রমিকনেতা আমিনুল নিহত হওয়ার পর ইইউভুক্ত দেশের ক্রেতারা পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন উইলিয়াম আনাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রেতাদের কেউ কেউ পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ আমাকে জানিয়েছেন। বাংলাদেশের অর্থনীতির স্বার্থে পোশাকশিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে।’ আনা বলেন, সহিংসতার পথ ছেড়ে সংকট উত্তরণের লক্ষ্যে এ শিল্পের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করা উচিত।গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ অব্যাহত বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিস্থিতিকে কীভাবে দেখছেন, জানতে চাইলে ইইউর রাষ্ট্রদূত বলেন, ইলিয়াস আলী ও তাঁর চালকের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমরা ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছি। এ বিষয়টি সুরাহার জন্য আমরা স্বাধীন তদন্তের দাবি জানিয়েছি। এ ধরনের অন্য ঘটনায়ও আমাদের একই অবস্থান থাকবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে উইলিয়াম আনা বলেন, ‘আমরা কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। এ ব্যাপারে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ আনার মতে, পৃথিবীর কোথাও মানবাধিকার পরিস্থিতি এক শ ভাগ সুরক্ষা হয় না। তা ছাড়া পরিস্থিতির উত্তরোত্তর উন্নতির সুযোগ রয়েছে। এ জন্য মৌলিক মানবাধিকার রীতিগুলো সমুন্নত রাখাটা জরুরি। গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন জরুরি দেশের প্রধান দুই দলের রাজনৈতিক বিরোধ প্রসঙ্গে জানতে চাইলে ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসবে বলেই আমার আশাবাদ রয়েছে। কারণ, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়াটা জরুরি। তত্ত্ববধায়ক সরকার নিয়ে দুই দলের পরস্পরবিরোধী অবস্থান কি সংলাপ আয়োজনের অন্তরায় নয়—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, সেটি নিয়ে মন্তব্য করাটা আমাদের কাজ নয়। কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, এটি নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণের। তাই আমরা বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই। মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরো ওঠেনি উইলিয়াম আনা বলেন, মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন আমাদের উত্সাহিত করছে। তবে দেশটির ওপর থেকে ইইউর নিষেধাজ্ঞা পুরোপুরি নয়, আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সমাধান করতে হবে, যার মধ্যে রয়েছে রাজবন্দীদের ওপর সেখানকার কর্তৃপক্ষের আচরণ, রাখাইন প্রদেশের লোকজনের জানমালের সুরক্ষা।