আলোচনার পরে সিদ্ধান্ত: যোগাযোগমন্ত্রী
পদ্মা সেতুর চূড়ান্ত চুক্তির খসড়া দিল মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামিভেলু পদ্মা সেতু নির্মাণের চূড়ান্ত চুক্তির খসড়া অনুলিপি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে হস্তান্তর করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে সেতু ভবনে সামিভেলু ১৩ সদস্যের প্রতিনিধি নিয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর খসড়া প্রস্তাবটি যাচাই-বাছাই করা হবে। প্রথমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। তারপর মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করব। এরপরে চুক্তির বিষয়টি আসবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন মালয়েশিয়ার প্রস্তাবটি গ্রহণের ক্ষেত্রে এবং আলোচনার সময় জাতীয়, অর্থনৈতিক ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংকের সঙ্গে সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। তবে মালয়েশিয়া সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত বিকল্প পথ খোলা আছে। এখনো সমঝোতার পথ বন্ধ হয়নি। গত ১০ এপ্রিল পদ্মা সেতু নিয়ে মালয়েশিয়াতে সমঝোতা স্মারক সই হয়। গত ২৮ মে সামিভেলু অর্থায়নের বিষয়ে ধারণা প্রস্তাব দেন। তখনই তিনি বলেন চূড়ান্ত প্রস্তাব ২৮ জুনের মধ্যে দেওয়া হবে।সেখানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।