পদ্মা সেতুর জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা: অর্থমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে পদ্মা সেতুর জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে এক হাজার পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ বেলা ১১টায় সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান অর্থমন্ত্রী।বৈঠকে পদ্মা সেতু ছাড়াও হল-মার্ক, ডেসটিনি, শেয়ারবাজার কেলেঙ্কারি ও গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। হল-মার্ক প্রসঙ্গে তিনি বলেন, সোনালী ব্যাংক একটি চূড়ান্ত প্রস্তাব দেবে। এর ওপর ভিত্তি করে তখন সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে কী করা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়, বিনিয়োগকারীরা প্রচুর বিনিয়োগ করেছেন। কারখানাগুলো চালু হওয়া দরকার।’ডেসটিনি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ডেসটিনি একটা মারাত্মক সমস্যা। তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ভালো জানে। বাংলাদেশ ব্যাংকও কিছু জানে।’শেয়ারবাজার কেলেঙ্কারি প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সাক্ষী পাওয়া যায়নি বলে কারও বিরুদ্ধে মামলা করা যাচ্ছে না। তবে শেয়ারবাজার নিয়ে তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, সে প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে টেকসই হতে দেননি। তিনি এখনো মনে করেন যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংক ধসে (কলাপস) পড়বে।’ আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধে একটি কমিশন গঠন করা হবে কি না, জানতে চাইলে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এ আমলে এটা হচ্ছে না। এটি আগামী সরকারের জন্য রেখে দিলাম। তবে আমার ধারণা আগামীবার আওয়ামী লীগই সরকার গঠন করবে।’