পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের সঙ্গে আজ ঋণচুক্তি
বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হচ্ছে আজ বৃহস্পতিবার। পদ্মা নদীতে ‘ভাষাশহীদ বরকত’ ফেরিতে এই ঋণচুক্তি হবে।পদ্মা সেতু বাস্তবায়নে বিশ্বব্যাংক প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ঋণ দেবে। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এই সেতু নির্মিত হবে।পদ্মা সেতু প্রকল্পে আরও অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি ঋণদান সংস্থা জাইকা এবং ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে। ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নগোজি এন ওকোনজো-আইওয়েলা, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আগামী মাসে এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি হতে পারে। ঋণচুক্তির পরপরই জাজিরা প্রান্তের সংযোগ সড়কের দরপত্র আহ্বান করা হবে। বিশ্বব্যাংকের মতামত পাওয়ার পর শিগগিরই মূল সেতুরও দরপত্র আহ্বান করা হবে।মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ হবে ২৫ মিটার। চার লেনবিশিষ্ট দ্বিতল এ সেতুর ওপর যানবাহন চলবে এবং নিচে চলবে ট্রেন। দুই পাড়ে নদী শাসন করা হবে ১৪ কিলোমিটার। সংযোগ সড়ক হবে ১২ দশমিক ১৬ কিলোমিটার। এর মধ্যে ১২ কিলোমিটারই জাজিরা প্রান্তে।পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১৬ হাজার ২৫০ কোটি টাকা এবং সরকার বহন করবে চার হাজার ২৫৭ কোটি টাকা। বিশ্বব্যাংকের ঋণ ৪০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে এর মধ্যে ১০ বছর ‘গ্রেস পিরিয়ড’। বিশ্বব্যাংকের ঋণের সুদ দিতে হবে ৭৫ শতাংশ হারে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের ইতিহাসে পদ্মা সেতুতে যে ঋণ দেওয়া হচ্ছে, তা সবচেয়ে বড়। এটা বাংলাদেশের জন্য গর্ব করার মতো।বিশ্বব্যাংক কর্মকর্তার সাক্ষাৎ: পদ্মা সেতু নির্মাণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নগোজি এন ওকোনজো-আইওয়েলা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কথা বলেন।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের জনগণের জীবনের মানোন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন।বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সচিবালয়ে দেখা করতে গেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর জন্য যে অর্থ দেবে বিশ্বব্যাংক, তা সংস্থাটির কোনো একক প্রকল্পে সবচেয়ে বড় সহায়তা। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ সময় বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণে কয়েকটি বিষয়ে নিশ্চিত হতে বলেছি। এগুলো হচ্ছে দুর্নীতিমুক্ততা, ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মানসম্মত নির্মাণ।’ তিনি আরও বলেন, মনে রাখা দরকার যে জনগণের অর্থে সেতু নির্মিত হচ্ছে।