পদ্মা সেতুর জন্য ২৪ হাজার কোটি টাকার ধারণা দিলেন অর্থমন্ত্রী
পদ্মা সেতুর জন্য ২৪ হাজার কোটি টাকা অর্থায়নের ধারণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান বাজেটের আকার দুই লাখ কোটি টাকার। আগামী তিন বছর পর হয়তো তিন লাখ কোটি টাকার বাজেট হবে। এখন থেকে প্রতিবছর যদি আমরা পদ্মা সেতুর জন্য আট হাজার কোটি টাকা করে রাখি, তবে তিন বছর পর সেতুর জন্য ২৪ হাজার কোটি টাকা হবে।’আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ২০১১ সালের লভ্যাংশ বাবদ পাঁচ কোটি টাকার পে-অর্ডার হস্তান্তর করে। এ হস্তান্তর অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।এ বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, এ নিয়ে বর্তমানে যে রমরমা ভাবটি রয়েছে, তখন আর তা থাকবে না। তবে রমরমা ভাবটি তিনি পরিষ্কার করে বলেননি।গত বৃহস্পতিবার সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, মন্ত্রণালয়গুলো এখন চাইলেই টাকা পায়। কিন্তু প্রতিবছর পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হলে তখন আর মন্ত্রণালয়গুলো হয়তো তা পাবে না।পদ্মা সেতুতে অর্থায়নে উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোর আস্থা তৈরিতে সরকার কী পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোর আস্থা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।একই সঙ্গে পদ্মা সেতুতে অর্থায়নে অর্থমন্ত্রী আগে তিনটি বিকল্পের কথা বললেও আজ আরও একটি বিকল্প পরিকল্পনা যোগ করেন তিনি। আগের পরিকল্পনা অনুযায়ী সরকারের অগ্রাধিকার হচ্ছে, বিশ্বব্যাংকের সহায়তা নিয়েই পদ্মা সেতু করা। এ জন্য বিশ্বব্যাংকের সঙ্গে আবারও আলোচনা করবে সরকার। দ্বিতীয় বিকল্প হচ্ছে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এবং ইসলামি উন্নয়ন ব্যাংককে সম্মত করা। সরকারের তৃতীয় অগ্রাধিকার হচ্ছে নিজস্ব অর্থে পদ্মা সেতু করা।কিন্তু আজ অর্থমন্ত্রী নিজস্ব অর্থায়নকে চতুর্থ স্থানে নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কাছ থেকে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে অর্থায়ন বিষয়টি যোগ করেন।আবদুল মুহিত বলেন, পদ্মা সেতুর অর্থায়ন এবং ব্যাংক হিসাব খোলার বিষয়ে একটি নীতিমালা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। আজই তা ফেরত আসবে বলে তিনি আশা করছেন।