পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে এ মাসেই টেন্ডার: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগে এ মাসেই টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি জানান, এ ব্যাপারে দাতাদের সম্মতি পাওয়া গেছে। অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। নদী শাসনের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজও প্রায় শেষ পর্যায়ে। আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এ কথা জানান। ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাসের বিশেষ লেন চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী জানান, ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ বাসের এ বিশেষ লেন চালু করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আর্থিক সহযোগিতা করেছে। প্রকল্প বাস্তবায়নে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে, যার মধ্যে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার এডিবি দিতে সম্মত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে দাতাদের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করা হবে। এ সময়ের মধ্যে এর প্রস্তাবিত নকশা ও দরপত্রের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।