পদ্মা সেতুর তদন্ত শেষ হয়নি: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত এখনো শেষ হয়নি। অনুসন্ধান চলছে। শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে।আজ রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান এসব তথ্য জানান। একই সঙ্গে আজ বিভিন্ন দৈনিকে প্রকাশিত ‘পদ্মা সেতুর মূল প্রকল্পে দুর্নীতি পায়নি দুদক’ শীর্ষক খবরের বিষয়টিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর অর্থ জোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে গত অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থ দেওয়ার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে দুদককে দায়িত্ব দেওয়া হয়।পদ্মা সেতুর প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে গোলাম রহমান বলেন, ‘তদন্তের বিষয়ে আমার চেয়ে বেশি কেউ জানে না। এ নিয়ে এখনো কোনো প্রতিবেদন চূড়ান্ত করা হয়নি।’গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইংরেজি সংস্করণের খবরে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক।