পদ্মা সেতুর তদন্তে কানাডা যাচ্ছে দুদক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলার তদন্তের জন্য আগামী সপ্তাহে কানাডা যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই সদস্য। তাঁরা হলেন দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক এবং পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল আলম।দুদকের প্রশাসন সূত্র জানায়, এ ব্যাপারে কমিশন থেকে জিও (গভর্নমেন্ট অর্ডার) ইস্যু করা হয়েছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এ বিষয়ে প্রথম আলো ডটকমকে বলেন, পূর্ণাঙ্গ ও উচ্চতর তদন্তের জন্য কমিশন থেকে কর্মকর্তা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। দ্রুত তাঁদের পাঠানোর জন্য সব ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।প্রশাসন সূত্র আরও জানায়, দুদকের দুই সদস্যের ওই দল চলতি মাসের ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত কানাডায় থাকবে। কানাডায় তদন্তের চেয়েও সেখানকার (মনট্রিল) আদালতে পদ্মা সেতু নির্মাণ ও দেখভালে ঘুষ প্রস্তাবের বিষয়ে শুনানিতে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে মূল লক্ষ্য। আইনজীবী আনিসুল হক কানাডায় যাচ্ছেন দুদকের আইন উপদেষ্টা হিসেবে আর উপপরিচালক মির্জা জাহিদুল আলম যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তা হিসেবে।দুদকের পক্ষ থেকে দলটিকে কানাডার রয়েল মাউন্টেড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জব্দ করা আলামত থেকে পাওয়া তথ্য ও সেগুলোর প্রত্যায়িত অনুলিপি নিয়ে আসতে সব ধরনের সহযোগিতা দিতে কানাডার সরকারের কাছে অনুরোধপত্রও পাঠানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কানাডা থেকে আনা তথ্য ও দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করে দ্রুত পদ্মা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করার জন্য তাঁদের প্রতি আদেশ দেওয়া হয়েছে। গত ১৭ ডিসেম্বর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাদ দিয়ে মোট সাতজনকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। আসামিরা হলেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের, ইপিসির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, এসএনসি লাভালিনের ভাইস-প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট রমেশ সাহা এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল।আসামিদের মধ্যে মোশাররফ এবং ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এখন জামিনে আছেন। আর রিয়াজ আহমেদ জাবের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন। তিন বিদেশি আসামি বর্তমানে কানাডায় রয়েছেন। গোলাম মোস্তফা দেশের বাইরে যাওয়ায় তাঁকে পলাতক ঘোষণা করা হয়েছে।