পদ্মা সেতুর তহবিল সংস্থানে সমস্যা হবে না: বিশ্বব্যাংক
পদ্মা বহুমুখী সেতুর প্রধান অর্থ জোগানদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক বলেছে, জাপান-সংকট ও গ্রামীণ ব্যাংক ইস্যুর কারণে এ প্রকল্পের তহবিল সংস্থানে কোনো সমস্যা হবে না।ভূমিকম্প ও সুনামি-কবলিত হওয়ায় জাপানের তহবিল সরবরাহ মুলতবি করা এবং গ্রামীণ ব্যাংক ইস্যুতে বিশ্বব্যাংকের ঠিকাদার মনোনয়নে বিলম্বের গুজব-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেন গোল্ডস্টেইন আজ বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বাভাবিকভাবেই অগ্রসর হচ্ছে।জাপানের প্রতিশ্রুত ৪০ কোটি মার্কিন ডলার তহবিল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে গোল্ডস্টেইন বলেন, জাতীয় সমস্যা সত্ত্বেও জাপান পদ্মা সেতুতে তাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করেছে। তারা বলেছে, মূল সেতু নির্মাণের জন্য সময়মতো তাদের চুক্তি স্বাক্ষর করবে।বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান আরও বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থায়নকারী সংস্থাগুলোর মধ্যে সম্যক সময়সীমা অনুসারে পদ্মা সেতুর নির্মাণপ্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে চলছে। তিনি বলেন, বিশ্বব্যাংক কর্তৃক বিলম্বের প্রতিবেদন সঠিক নয়। পদ্মা সেতুর জন্য ২৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের সবচেয়ে অধিক ১ দশমিক ২ বিলিয়ন ডলার আইডিএ (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) ঋণ অনুমোদনের পর মার্চে ওয়াশিংটন ডিসির প্রধান কার্যালয়ে বহু পাক্ষিক ঋণদাতাদের একটি যৌথ মিশনের আয়োজন করা হয়। এই মিশনে জাইকা, এডিবি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।গোল্ডস্টেইন বলেন, এপ্রিলের মধ্যে মূল সেতুর জন্য প্রাক-যোগ্যতা ও বিডিং ডকুমেন্ট, নদীশাসনের প্রাক-যোগ্যতা এবং নির্মাণ পর্যবেক্ষক কনসালট্যান্ট নিয়োগ সম্পন্ন হবে বলে আশা করা যায়। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মূল সেতুর কাজ শুরুর লক্ষ্যে বিশ্বব্যাংক ও অন্যান্য সহযোগী অর্থদাতারা এখন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে।গোল্ডস্টেইন বলেন, এই তিনটি বিষয় হচ্ছে নির্মাণ পর্যবেক্ষণ কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা কনসালট্যান্ট নিয়োগ, সংযোগ সড়ক নির্মাণ চুক্তি ও নির্মাণকাজ শুরুর জন্য প্রয়োজনীয় সার্ভিস এরিয়া ও পুনর্বাসিত এলাকার কাজ সম্পন্ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শেষ করা। তিনি বলেন, নদীশাসন ও মূল সেতুর নির্মাণ শুরুর জন্য এসব প্রধান কাজ অবশ্যই সম্পন্ন করতে হবে।বিশ্বব্যাংক ছাড়াও পদ্মা সেতু নির্মাণে এডিবি, আইডিবি ও জাইকা অর্থ সহায়তা দেবে। বাসস।