পদ্মা সেতুর দুর্নীতি জানতে বিশ্বব্যাংককে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও মুখপাত্র ফররুখ আহমেদ দাবি করেছেন, পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে জানতে দুদক বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে অবস্থিত বিশ্বব্যাংকের কার্যালয়ে নয়, ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।’ আজ বুধবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, বিশ্বব্যাংক থেকে কোনো চিঠি বা উত্তর যদি দুদক চেয়ারম্যানের ব্যক্তিগত নামে এসে থাকে, তবে তা এখনো খোলা হয়নি।কথা প্রসঙ্গে তিনি স্বীকার করেন, পদ্মা সেতু নিয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম একটি বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এ প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে ফররুখ আহমেদ জানান, তদন্তকারী কর্মকর্তা ছাড়াও দুদকে অন্য অনেক কর্মকর্তা আছেন, যাঁরা পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কাজ করছেন।ফররুখ আহমেদ আরও জানান, সেপ্টেম্বর মাসে দুদকের কাছে মোট ৭৫১টি অভিযোগ এসেছে। বিধিমালার আলোকে এগুলোর মধ্য থেকে ১৫৯টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে। চারটি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে ১০টি প্রতিবেদন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি আগস্ট মাসে প্রাপ্ত ৬৪৫টি অভিযোগের মধ্যে ১২৩টির অনুসন্ধান চলছে।সেপ্টেম্বর মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাত্, মানি লন্ডারিং ও জাল-জালিয়াতির অভিযোগে ২২টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এ মামলাগুলোতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে চারজন ব্যবসায়ী। এঁরা হচ্ছেন, গিয়াসউদ্দিন আল মামুন, মেসার্স করিম অ্যান্ড করিম এন্টারপ্রাইজের মালিক মো. এ এস রেজাউল করিম, কিশোরগঞ্জের মেসার্স সাধী নির্মাণ সংস্থার মালিক মো. আতাউর রহমান, চট্টগ্রামের সিএসএস করপোরেশন (বিডি) লিমিটেডের পরিচালক আবু বক্কর চৌধুরী।জনপ্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য কুষ্টিয়ার মিরপুরে পৌরসভার মেয়র সাইফুল হক খান চৌধুরী। একই পৌরসভার কাউন্সিলর মো. আবদুর রশিদ।এ ছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে যুক্তরাজ্যে চার লাখ ১৮ হাজার ব্রিটিশ পাউন্ড স্টার্লিং অবৈধভাবে জমা ও পাচারের মাধ্যমে সেখানকার ন্যাটওয়েস্ট ব্যাংকে রাখার অভিযোগে মামলা করা হয়েছে।পাশাপাশি সম্পদ বিবরণীতে ১১ লাখ ২৯ হাজার ৮৪০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ১৮ লাখ ৩৭ হাজার ২৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবু সালেহ মো. খুরশিদ আলমের বিরুদ্ধেও একটি মামলা হয়েছে বলে জানা গেছে।