প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একটি ভুয়া জিনিসের ওপর নির্ভর করে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কথা বলা হচ্ছে। এখনো পর্যন্ত এর কোনো প্রমাণ বিশ্বব্যাংক, কানাডা সরকার ও দুর্নীতি নিয়ে সোচ্চার গণমাধ্যমগুলো দেখাতে পারেনি। আজ শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমী মিলনায়তনে বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপে প্যানেল অতিথি মসিউর রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে প্যানেল অতিথিদের কেউ কেউ ও দর্শকেরা এই সরকারের বড় ব্যর্থতা হিসেবে পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি উল্লেখ করার পরিপ্রেক্ষিতে তিনি তাঁর এই বক্তব্য তুলে ধরেন। মসিউরের বক্তব্যের পর অনুষ্ঠানের সঞ্চালক আকবর হোসেন বলেন, বিশ্বব্যাংক বলেছে তারা প্রমাণের কাগজ বাংলাদেশ সরকারকে দিয়েছে। তারা বলেছে, সরকার চাইলে এটা প্রকাশ করতে পারে। এর জবাবে মসিউর রহমান বলেন, ‘না দেয়নি। বাংলাদেশ সরকার কানাডার কাছেও এটা চেয়েছে। তারাও দিতে পারেনি। বলেছে তাদের দেশে এর বিচার শুরু না হওয়া পর্যন্ত দেবে না।’ তিনি বলেন, ‘একটি নোটবুকের পাতার লেখার ওপর নির্ভর করে পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু সেই পাতা কেউ দেখেনি। সোচ্চার পত্রপত্রিকাও তা প্রকাশ করতে পারেনি। প্রকাশ না করেই দুর্নীতি হয়েছে এটা বলা যায় না।’ সংলাপে আবুল মনসুর প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শুধু সফলতার কথা বলেছেন, তাহলে কি সরকারের কোনো ব্যর্থতা নেই? এর জবাবে প্যানেল অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না করা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের একটি মীমাংসিত ইস্যু সংবিধান থেকে বাদ দিয়ে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।