পদ্মা সেতুর দুর্নীতির বিচার হবে, সেতুও হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা সেতুর নির্মাণ-প্রক্রিয়ায় দুর্নীতির বিচার করবে, পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রস্তাবিত সেতুটিও বাস্তবায়ন করবে।আজ শনিবার রাজধানীতে দুটি আলাদা সমাবেশে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আজ ‘পদ্মা সেতু দুর্নীতি ও বাংলাদেশের ভাবমূর্তি’ শীর্ষক আলোচনার আয়োজন করে হূদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠন। ওই আলোচনায় আ স ম হান্নান শাহ বলেন, বর্তমান সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে সরকারের তদন্তের ঘোষণা লোক দেখানো। তবে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এ দুর্নীতির তদন্ত করা হবে।আ স ম হান্নান শাহ বলেন, পদ্মা সেতুতে ব্যাপক দুর্নীতি হয়েছে—এটা বিশ্বব্যাংকই বলেছে। তারা এ জন্য অর্থ ছাড় করা বন্ধ করে দিয়েছে। এতে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন হয়েছে।বর্তমান সরকারের সমালোচনা করে হান্নান শাহ বলেন, বিএনপির আমলে যমুনা সেতু, কর্ণফুলী তৃতীয় সেতুসহ অনেক সেতু নির্মিত হয়েছে। ওই সময়ে বিশ্বব্যাংক কিংবা কোনো দাতা সংস্থা কখনোই দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। তাঁর দাবি, পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ এবং এর সম্ভাব্যতা জরিপসহ প্রকল্প পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ বিএনপি আমলেই হয়েছে। জাইকা এই সম্ভাব্যতা জরিপ চালিয়ে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে প্রতিবেদন জমা দিয়েছিল। সে অনুযায়ীই পদ্মা সেতু প্রকল্পের কাজ গ্রহণ করে সরকার।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অপসারণ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমার যতটুকু ধারণা, থলের বিড়াল বেরিয়ে যাবে বলেই তিনি আবুল হোসেনকে বাদ দিচ্ছেন না।’এদিকে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার দুর্নীতির কারণে পদ্মা সেতু করতে ব্যর্থ হলেও তারা এর দায়ভার বিএনপির ঘাড়ে চাপানোর চক্রান্ত করছে। এ সরকার পদ্মা সেতু বাস্তবায়ন করতে না পারলেও বিএনপি দুর্নীতিবাজদের বিচার করে পদ্মা সেতু করবে। পদ্মা সেতুর দাবিতে পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কর্মসূচির আয়োজন করে।হাফিজউদ্দিন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। যোগাযোগমন্ত্রী আবুল হোসেন অবৈধ পাসপোর্ট করে এর আগে একবার মন্ত্রিত্ব হারিয়েছিলেন। কিন্তু এবার কোন আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন যে শত দুর্নীতি করেও আবুল মার্কা হাসি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলার মানুষের গণদাবি। আওয়ামী লীগ সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, ভবিষ্যতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গাজী আবদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রমুখ।