পদ্মা সেতুর নকশা নিয়ে সংসদীয় কমিটির সভায় উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নকশাসম্পর্কিত কাগজপত্র সংসদীয় কমিটিতে পাঠানো নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে কমিটির সদস্যদের আলোচনা হয়েছে। আলোচনার একপর্যায়ে কমিটির সরকারি দলের তিন সদস্য ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী ও গোলাম মাওলা সভা থেকে বের হয়ে চলে যান।আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ মজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জিল্লুল হাকিম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী, গোলাম মাওলা ও অপু উকিল এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, নকশায় ত্রুটি থাকায় বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দিয়েছে। এটাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে পদ্মা সেতুতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য পদ্মা সেতুর নকশাসম্পর্কিত সব কাগজপত্র সংসদীয় কমিটির দেখা প্রয়োজন। কমিটির আগামী বৈঠকে এ সংক্রান্ত কাগজপত্র দিতে বলা হলেই মন্ত্রী এর বিরোধিতা করে বলেন, সব তথ্য আগেই দেওয়া ঠিক নয়।কিন্তু কমিটির দুজন সদস্য কার্যপ্রণালী বিধি দেখিয়ে বলেন, কমিটির কাছে কাগজপত্র পাঠাতে মন্ত্রণালয় বাধ্য। এর একপর্যায়ে তিনজন সদস্য সভা ছেড়ে চলে যান। পরে মন্ত্রী প্রয়োজনীয় কাগজপত্র কমিটিতে পাঠানো হবে বলে জানান।বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুতে ফাটলের কারণ অনুসন্ধান করে দেখা গেছে, নকশায় ত্রুটি থাকায় ফাটল দেখা দিয়েছে। এই ফাটলের কারণে সেতুর স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি এর জন্য দায়ী। এ ছাড়া যারা কাজটি বুঝে নিয়েছিল, তারাও এর জন্য দায়ী।মজিবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর মতো পদ্মা সেতুতে কোনো ত্রুটি থাক, সেটা আমরা চাই না। এ কারণে নকশা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্যই এ সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে।’ তিনি বলেন, ওই কাগজপত্র পাওয়া গেলে সেতুর ব্যয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হলে সেটা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বিদেশ থেকে সেতু নির্মাণের অভিজ্ঞতা নেওয়া হবে বলে তিনি জানান।সভায় তিনজন সদস্যের বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাজ থাকায় তাঁরা আগে চলে গেছেন। তবে কমিটির সদস্য গোলাম মাওলা সাংবাদিকদের বলেন, মন্ত্রী এবং মন্ত্রণালয়ের কমিটির প্রয়োজনীয় কাগজপত্র দিতে না চাওয়ার প্রতিবাদে তাঁরা সভা বর্জন করেছেন।