পদ্মা সেতুর নামে বাক্স দিয়ে চাঁদাবাজি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন বলেছেন, সরকার পদ্মা সেতুর নামে বাক্স দিয়ে সারা দেশে চাঁদাবাজি শুরু করেছে। দেশের ব্যাংকে কোনো টাকা নেই, সব টাকা সরকারের মন্ত্রীরা তুলে লুটপাট করে নিয়ে গেছে। আর এখন বলছে চাঁদা তুলে পদ্মা সেতু নির্মাণ করবে। তিনি বলেন, যে সরকার বিদ্যুত্, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারে না, সে সরকার কী করে পদ্মা সেতুর কাজ করবে? আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ গণমিলনায়তনে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভায় জয়নুল আবদিন এসব কথা বলেন।জয়নুল আবদিন বলেন, জনগণ আজ খালেদা জিয়ার সঙ্গে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ। এ সরকারের আমলে রাজনীতিবিদ ও সাংবাদিক কেউই নিরাপদ নন। এখন তারা একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বিএনপি এই দেশে থাকতে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সন্ত্রাস ও দুর্নীতির কারণে দেশের জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জয়নুল আবদিন আরও বলেন, যদি রোজার আগে সরকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সুরাহা না করে, তাহলে ঈদের পর গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উত্খাত করা হবে।পৌর বিএনপির সভাপতি জাহিদুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।