পদ্মা সেতুর বিষয়ে নতুন অর্থায়ন কাঠামো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর অর্থায়ন ও বাস্তবায়নে নতুন একটি অর্থায়ন কাঠামো করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট কানাইও এফ নোয়ানজের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে এখনো আলোচনা চলছে। দেখতে হবে অন্যান্য বন্ধু সহযোগীরা কে কি দেয়। তবে দেরি হওয়ার কারণে খরচ হয়তো কিছুটা বাড়বে। আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, পদ্মা সেতুর জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে কি না, এ বিষয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানাবেন। তবে এ ক্ষেত্রে একটি আলাদা হিসাব খোলা হবে। প্রধানমন্ত্রী কিছু না জানাতেই মানুষ টাকা-পয়সা দিচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, যিনি যে পরিমাণ টাকাই দিতে চান, তা বাজেটের মাধ্যমে খরচ হবে। সম্প্রতি ডেইলি স্টারকে দেওয়া বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাক্ষাত্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সাক্ষাত্কারটি পড়েছি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক আগে যে বিবৃতি দিয়েছিল, তা থেকে এবারের সাক্ষাত্কারটি ভালো হয়েছে।স্বচ্ছতা ও জনস্বার্থে সরকারকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ হিসেবে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদনটি প্রকাশের কথা বলেন গোল্ডস্টেইন। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেখা যাক।’শিগগিরই একটি সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর বিষয়ে সবকিছু জানানো হবে বলেও অর্থমন্ত্রী জানান।