পদ্মা সেতুর ‘দুর্নীতি’তে প্রধানমন্ত্রী জড়িত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা জড়িত। সেতুর কাজ শুরু হওয়ার আগেই সরকার ‘বিরাট দুর্নীতি’ করেছে। তাই এই সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীনতা পার্কে ভূমিধস ও বর্ষণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।এর আগে বিকেল তিনটায় নগরের পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারের মধ্যে টাকা ও ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এরপর বিকেল সোয়া পাঁচটায় লালখান বাজারে শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে দুস্থ ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি স্বাধীনতা পার্কের অনুষ্ঠানে যান।পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় খালেদা জিয়া দুর্গত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতে সড়কপথে চট্টগ্রামে আসেন।স্বাধীনতা পার্কের অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, কাজ শুরু হওয়ার আগেই বিরাট দুর্নীতি হয়েছে। প্রথমেই পদ্মা সেতুর জন্য ব্যাপক কমিশন খাওয়া হয়েছে। কানাডা থেকে দুর্নীতির তথ্যও দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংক, কানাডা, অন্য সংস্থা বলেছে দুর্নীতি হয়েছে। তাদের তদন্তে ধরা পড়েছে। তারা সেসব তথ্য সরকারের হাতে দিয়েছে। সরকারকে বলেছে যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সরকার ব্যবস্থা না নিয়ে তাদের অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী করেছে, যাতে তারা আরও দুর্নীতি করতে পারে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরাও এ দুর্নীতির সঙ্গে জড়িত। পদ্মা সেতু না হওয়ার জন্য দায়ী সরকার, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার।’বিশ্বব্যাংক অর্থায়ন না করলে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয় মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘এই সরকারের আমলে পদ্মা সেতু আর হবে না। সরকার এখন বিভিন্নভাবে চেষ্টা করছে অন্য কোনো দেশের মাধ্যমে টাকার ব্যবস্থা করতে। সরকারের দুর্নীতির জন্যই পদ্মা সেতু হতে পারল না।’ বিগত বিএনপির সরকারের আমলে কোনো সেতু নিয়ে দুর্নীতি হয়নি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে একটা না, দুইটা পদ্মা সেতু হবে। বিদেশিরা জানে, বিএনপির আমলে অনেক সেতু হয়েছে, সেখানে কোনো রকম দুর্নীতি হয়নি।’আগামী নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দেবে, তারা দেশের সঙ্গে গাদ্দারি করবে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। কোনো দলীয় সরকার আমরা মানব না।’ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আন্দোলন করা হবে জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সরকার গত সাড়ে তিন বছরে জনগণকে দেওয়া কোনো ওয়াদা পূরণ করেনি। এই সরকার ব্যর্থ, অযোগ্য।’এর আগে পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে খালেদা জিয়া বলেন, ‘দেশের অবস্থা অত্যন্ত খারাপ। সাধারণ মানুষ খুব কষ্টে আছে। এই বিপদের দিনে সরকার মানুষকে যেভাবে সহায়তা করা দরকার, তা করতে ব্যর্থ হয়েছে।’চট্টগ্রাম সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার, চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মনজুর আলম, আবদুল্লাহ আল নোমান, মোরশেদ খান, বরকত উল্লা, জাফরুল ইসলাম চৌধুরী, আসলাম চৌধুরী, শাহাদাত্ হোসেন, জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী প্রমুখ। খালেদা জিয়া আজ রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করেন। কাল রোববার তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।ত্রাণ বিতরণ: লালখান বাজার এলাকায় শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে বিকেলে খালেদা জিয়ার উপস্থিতিতে এলাকার ৫০০ দুস্থ ব্যক্তির মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। খালেদা জিয়া অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে হাতাহাতি হয়। এর আগে সকালে পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়। কিন্তু নগরের আমবাগান এলাকায় দেয়ালচাপায় নিহত আবুল হোসেনের (৯) বাবা মো. ইসমাইল হোসেন অভিযোগ করেন, তিনি ত্রাণের টাকা পাননি। এর আগে অনুষ্ঠান চলাকালে ঘোষণা দেওয়া হয় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে।পথে বাধা: খালেদা জিয়ার গাড়ি শহরে ঢোকার সময় নগরের বহদ্দারহাট মোড় পার হওয়ার পর বিএনপির বহিষ্কৃত নেতা এরশাদ উল্লাহর কয়েকশ সমর্থক গাড়িবহরের পথরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এরশাদ উল্লাহর বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে স্লোগান দিতে থাকেন। এ কারণে তাঁর গাড়ি পাঁচ মিনিটের মতো আটকে ছিল। পরে বিরোধী দলীয় নেতার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন।