পদ্মা সেতুসহ অবকাঠামো নির্মাণে সহায়তা ও জনশক্তি রপ্তানি মূল আলোচ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত পদ্মা সেতু, ঢাকায় উড়াল সেতু (ফ্লাইওভার) বেশ কয়েকটি যোগাযোগ অবকাঠামো নির্মাণে কুয়েতের আর্থিক সহায়তা চাওয়ার চিন্তাভাবনা চলছে। এরই অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি কুয়েতের আমির সাবাহ চতুর্থ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর সঙ্গে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে কুয়েতের অর্থায়নের বিষয়টি অগ্রাধিকার পাবে। সেই সঙ্গে গুরুত্ব পাবে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়টি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর কুয়েত সফরের সময় বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানো, জনশক্তির বাজার পুনরায় সক্রিয় করা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কুয়েত সফরের সময় দুই দেশের মধ্যে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক সই হচ্ছে না। কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে দুই পক্ষ বেশ কয়েক বছর ধরে আলোচনা করলেও তা চূড়ান্ত হয়নি। তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রোববার দুপুরে কুয়েত যাচ্ছেন। তিনি এ দিন দুপুর দুইটায় কুয়েতের আমিরের পাঠানো বিশেষ বিমানে কুয়েত সিটির উদ্দেশে ঢাকা ছাড়বেন। কুয়েত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন। শীর্ষ পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কুয়েতের অর্থায়নের ওপর আলোচনা করা হবে। জানা গেছে, কুয়েতের আমিরের সঙ্গে বৈঠকের পাশাপাশি কুয়েত ফান্ডের মহাপরিচালকের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়টি উল্লেখ করবেন। এ পর্যন্ত বাংলাদেশের ২১টি প্রকল্পে অর্থায়ন করেছে কুয়েতের সরকারি সাহায্য সংস্থা কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকনোমিক ডেভেলপমেন্ট। এসব প্রকল্পের বেশির ভাগই যোগাযোগ অবকাঠামো ও জ্বালানি এবং বিদ্যুত্ খাতের। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু, সিলেট-তামাবিল-জাফলং সড়ক ও চট্টগ্রামের শিকলবাহায় ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্র। এর মধ্যে ১৬টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অন্য পাঁচটি প্রকল্পের কাজ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, উন্নয়ন প্রকল্পে সহযোগিতা চাওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির জন্য শেখ হাসিনা কুয়েতের নেতাদের অনুরোধ জানাবেন। এসব পণের মধ্যে রয়েছে ওষুধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং হিমায়িত খাদ্য। জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত কর্তৃপক্ষকে কোনো প্রস্তাব দেওয়া হবে কি না, জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাংলাদেশের নাগরিকদের আকামার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি নাগরিকদের নিয়োগ-প্রক্রিয়া শুরুর জন্য অনুরোধ জানানো হবে। জানা গেছে, ২০০৫ সালের পর থেকে কুয়েতে বাংলাদেশের লোকজনের কর্মসংস্থান প্রায় বন্ধ আছে। কুয়েত কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের কর্মস্থল পরিবর্তনের পদ্ধতির (আকামা) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কুয়েতে কর্মরত। বার্তা সংস্থা ইউএনবি জানায়, কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটির প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-আহমদ আল-সাবাহ, কুয়েত জাতীয় পরিষদের স্পিকার জাশেম আল-খারাফি, কুয়েত ফান্ড ফর ডেভেলপমেন্টের মহাপরিচালক আবদুল ওয়াহাব আল-বাদের, কুয়েত বিনিয়োগ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বাদের এম আল সা’দ, প্রথম উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ জাবের-আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ দেখা করবেন।প্রধানমন্ত্রী কুয়েত চেম্বার অব কমার্স পরিদর্শন শেষে তাঁর সম্মানে কুয়েতের বাণিজ্যমন্ত্রী আহমদ বাকের আল-আবদুল্লাহর সঙ্গে দেওয়া মধ্যহ্নভোজে যোগ দেবেন। আগামী মঙ্গলবার আহমেদিয়ায় কুয়েতি ওয়েল কোম্পানি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আহমেদিয়ার গভর্নর আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বাংলাদেশি সম্প্রদায়ের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন।আগামী মঙ্গলবার রাতে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত ছাড়বেন। বুধবার সকালে তিনি ঢাকা এসে পৌঁছাবেন।