বর্তমান মহাজোট সরকারের সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প পদ্মা সেতু। সরকারের গত তিন বছরে এই প্রকল্প নিয়ে অনেক আশার কথা শোনা গেছে। খরচ হয়েছে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। কিন্তু তৎকালীন যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। প্রকল্পটির ভবিষ্যৎই এখন অনিশ্চিত।সরকারের অগ্রাধিকার পাওয়া অন্য তিন প্রকল্পেও অগ্রগতি নেই। এর মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুই হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ গত অক্টোবর পর্যন্ত হয়েছে মাত্র সাড়ে সাত শতাংশ।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এসব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।পদ্মা সেতু: ২০০৯ সালের শুরুতে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের ২২ দিনের মাথায় পদ্মা সেতু প্রকল্পের নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগ করা হয়।পরামর্শকদের দেওয়া সময়সূচি অনুযায়ী, পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর কথা ছিল ২০১০ সালের সেপ্টেম্বরে। পরে সময় বাড়িয়ে করা হয় ২০১০ সালের ডিসেম্বর। এ পর্যন্ত এই প্রকল্পে মূল সেতু, নদী শাসন, সংযোগ সড়কসহ পাঁচটি প্যাকেজের দরপত্র হয়েছে। কিন্তু তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংক এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে ঋণ-সহায়তা স্থগিত করে। ফলে সবগুলোর ঠিকাদার নিয়োগ বন্ধ হয়ে আছে। এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামিক উন্নয়ন ব্যাংক এবং জাপানি সংস্থা জাইকাও পদ্মা সেতুতে ঋণ-সহায়তা বন্ধ রেখেছে।প্রকল্পের তদারকি ও ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ-প্রক্রিয়াও আটকে আছে। তদারকি পরামর্শক হিসেবে কানাডার এসএনসি-লাভালিনকে সর্বনিম্ন দরদাতা বিবেচনা করে বিশ্বব্যাংকের অনুমতির জন্য পাঠানো হয় এ বছরের শুরুতে। কিন্তু বিশ্বব্যাংক এই নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত শুরু করে। কানাডা পুলিশও এই বিষয়ে তদন্ত করছে। সেতু বিভাগ সূত্র জানায়, এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঋণ-সহায়তা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই তদন্ত-প্রক্রিয়া দুই বছরও চলতে পারে।এদিকে মূল প্রাক্-যোগ্যতা যাচাই দরপত্রে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে চলতি বছরের শুরুতে অনুমোদনের জন্য বিশ্বব্যাংকে পাঠানো হয়। এই যাচাই প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ উঠলে বিশ্বব্যাংক অনুমোদন আটকে দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বব্যাংক দুর্নীতির তদন্ত করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, সৈয়দ আবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের পক্ষে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কমিশন চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ বিশ্বব্যাংকের কাছে আছে। এর পরই কার্যত পদ্মা সেতুর কাজ আটকে যায়।এ নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে তৎকালীন যোগাযোগ-মন্ত্রী ঘোষণা দেন, পাটুরিয়া-দৌলতদিয়া পথে দ্বিতীয় পদ্মা সেতু হবে। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে সেতুটি করতে ১১ নভেম্বর প্রাক্-যোগ্যতা যাচাই দরপত্রও আহ্বান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেতু বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংক প্রথম পদ্মা সেতুর ঋণ-সহায়তা স্থগিত করায় অন্য কেউ সহজে দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়ন করতে আসবে—তা ভাবা বোকামি হবে।অভিযোগের বিষয়ে সাবেক যোগাযোগমন্ত্রী এবং বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু প্রকল্পে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অমূলক। তিনি বলেন, মাওয়া-জাজিরা ও পাটুরিয়া-দৌলতদিয়া—দুই দিক দিয়েই দুটি সেতু হবে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করা: বর্তমান সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজে ঠিকাদার নিয়োগ করেছে। তবে প্রকল্প কার্যালয় সূত্র জানায়, এই প্রকল্পে ১৯ মাসে (অক্টোবর, ২০১১) কাজ হয়েছে সাড়ে সাত শতাংশ। তবে অর্থ ব্যয় হয়েছে ১৬ শতাংশ। সময়মতো শেষ করতে হলে আগামী ১৭ মাসে বাকি সাড়ে ৯২ শতাংশ কাজ করতে হবে। যা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।সূত্র জানায়, প্রকল্পের পরামর্শক নিয়োগে জটিলতা, ঠিকাদারেরা সময়মতো কাজ শুরু না করা এবং অদক্ষতার কারণে কাজ এগোচ্ছে না।এই প্রকল্পের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন, বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন ও আল আমিন-তাহের ব্রাদার্সকে (যৌথ) নিয়োগ দেওয়া হয় গত বছরের জানুয়ারিতে। কাজ শুরুর আগে যন্ত্রপাতি সংগ্রহ ও প্রস্তুতির জন্য ঠিকাদারদের মোট প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ অগ্রিম দেওয়ার বিধান রাখা হয়। সে অনুযায়ী চুক্তির পরই ঠিকাদারেরা ১৬৫ কোটি টাকা বিল তুলে নিলেও কাজ শুরু করেন প্রায় এক বছর পর।চার লেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৮২ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৬৫৫ কোটি টাকায় সড়ক এবং বেশ কিছু কালভার্ট তৈরির জন্য ওই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়।এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ঢাকার যানজট নিরসনে ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (দ্রুতগতির উড়াল সড়ক) নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটাল-থাই কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয় গত জানুয়ারিতে। ৩০ এপ্রিল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আর কোনো কাজ হয়নি।সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগের এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ।চুক্তি অনুসারে, প্রকল্প ব্যয় ধরা হয়েছে আট হাজার ৭০৩ কোটি টাকা। এর মধ্যে ইটাল-থাই কোম্পানি বহন করবে ছয় হাজার ৪৪৪ কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকার দেবে দুই কিস্তিতে। এ ছাড়া ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও সেবা সংস্থার লাইন স্থানান্তর করবে সরকার।সেতু বিভাগ সূত্র জানায়, ইটাল-থাই এই প্রকল্পে যে বিনিয়োগ করার কথা, তা এখনো জোগাড় করতে পারেনি। সরকারও প্রকল্পের জমি পুরোপুরি হস্তান্তর করেনি। এ অবস্থায় তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ইটাল-থাইকে নিয়োগের সময় দরপত্রে অংশ নেওয়া শিকদার রিয়েল এস্টেট সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিল, সৈয়দ আবুল হোসেনের সঙ্গে ওই কোম্পানির সম্পৃক্ততা রয়েছে। ইটাল-থাইকে কাজ পাইয়ে দিতে তাঁর বিরুদ্ধে জোর লবিংয়েরও অভিযোগ আনা হয়।মেট্রোরেল: সরকার এখনো মেট্রোরেলের চূড়ান্ত পথই ঠিক করতে পারেনি। ফলে এই প্রকল্পের জন্য কম সুদে ঋণ দিতে আগ্রহী জাইকার প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তা আটকে গেছে।তিন বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কথা। কিন্তু সরকারের মেয়াদ আছে আর দুই বছর। এই সময়ে প্রকল্পটির কাজ শুরু হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।প্রস্তাবিত মেট্রোরেলের প্রথম পর্যায়ে উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী, বিজয় সরণি, ফার্মগেট, টিএসসি, জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত হওয়ার কথা। কিন্তু বিজয় সরণি দিয়ে মেট্রোরেল হলে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ঝুঁকিতে পড়বে—এ আশঙ্কা করে বিমানবাহিনী আপত্তি জানায়। এ কারণে মেট্রোরেল জাতীয় সংসদ ভবনের পাশ ঘেঁষে করার সিদ্ধান্ত নেয় সরকার।পরিবেশবাদী সংগঠন, স্থপতি ও নগর পরিকল্পনাবিদেরা সরকারের এই সিদ্ধান্তের আপত্তি জানিয়ে আসছেন। অক্টোবরে জাইকা যোগাযোগ মন্ত্রণালয়কে জানায়, সংসদ ভবনের পাশ দিয়ে মেট্রোরেল হলে সংসদ কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই—এ মর্মে চিঠি দিতে হবে। মন্ত্রণালয় ওই অনাপত্তির চিঠি এখনো জাইকাকে দেয়নি। ফলে জাইকাও আর এগোচ্ছে না।প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল করতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০ কোটি ডলার।এসব প্রকল্পের বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এসব প্রকল্প শেষ করতে পারব, এত অতি আশাবাদী আমি নই। তবে ভেঙে যাওয়া ছোট-বড় স্বপ্নগুলো আমি মেরামত করব।’ তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজ আমি শুরু করতে পারব। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজের ৪২ কিলোমিটার অংশ দৃশ্যমান করতে পারব।’ মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শুরুর ব্যাপারে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।